২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআরটিএ বিল পাস

যানজট নিরসনে মোটরযান ও গণপরিবহণের সংখ্যা নির্ধারণ ও নিয়ন্ত্রণের ক্ষমতা বিআরটিএকে দিতে বিল সংসদে পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2017, 11:12 PM

Updated : 19 Aug 2022, 05:02 PM

‘বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ বিল ২০১৭’ মঙ্গলবার পাসের প্রস্তাব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে এটি কণ্ঠভোটে পাস হয়।

নতুন আইনে যে কোনো এলাকা বা অধিক্ষেত্রে জন্য পরিবার বা প্রতিষ্ঠান প্রতি গাড়ির সর্বোচ্চ সীমা নির্ধারণের ক্ষমতা পাচ্ছে বিআরটিএ।

২০১৫ সালের ২১ সেপ্টেম্বর মন্ত্রিসভায় অনুমোদিত এই আইনের খসড়াটি জাতীয় সংসদে গত ফেব্রুয়ারি মাসে উত্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পরে এটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল।

‘মোটর ভেহিকেলস অর্ডিন্যান্স ১৯৮৩’-এর অধীনে প্রতিষ্ঠিত বিআরটিএ এখন এই আইনের অধীনে পরিচালিত হবে।

বিলে বলা হয়েছে যে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যানজট নিরসনে মোটরযান ও গণপরিবহনের সংখ্যা নির্ধারণ ও নিয়ন্ত্রণ করতে পারবে।

মোটরযান চালনার লাইসেন্স প্রদান, মোটরযানের নিবন্ধন, ফিটনেস সার্টিফিকেট, রুট পারমিট, গতিসীমা নির্ধারণ, গণপরিবহনের ভাড়া নির্ধারণে সরকারের কাছে সুপারিশ করাসহ বেশ কিছু ক্ষমতা থাকবে এই কর্তৃপক্ষের হাতে।

বিআরটিএকে কোম্পানি গঠনের ক্ষমতা দিতে বিলে বলা হয়েছে, কর্তৃপক্ষ, সরকারের পূর্বামোদনক্রমে, কোম্পানি আইন ১৯৯৪-এর অধীন এক বা একাধিক কোম্পানি গঠন করতে পারবে।

আইনটি হলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সভাপতি করে বিআরটিএর একটি উপদেষ্টা পরিষদ এবং বিআরটিএর চেয়ারম্যানের সভাপতিত্বে একটি পরিচালনা পর্ষদ গঠিত হবে।

উপদেষ্টা পরিষদের সদস্য হবেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়র, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, স্বরাষ্ট্র সচিব, সেতু বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, বাণিজ্য সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, রেল সচিব ও নৌ-পরিবহন সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিরা।

বিলটির উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “সড়ক পরিবহণ সেক্টরে শৃঙ্খলা আনয়ন, সড়ক দুর্ঘটনা হ্রাস, সড়ক নিরাপত্তায় গণসচেতনতা সৃষ্টি এবং জনসাধারণকে মোটরযানের রেজিস্ট্রেরশন, রুট পারমিট, ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন ইত্যাদি, ক্ষেত্রে দ্রুত ও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধির উদ্দেশ্যে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠার জন্য সরকার আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে।”