আমেনার চিকিৎসার দায়িত্ব নিলেন শ্রম প্রতিমন্ত্রী
ফেনীতে নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী আমেনা আক্তারের চিকিৎসার সব খরচ বহন করবেন শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু।
ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন এই গৃহকর্মীর চিকিৎসার খোঁজ নিতে কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কুমিল্লার উপ-মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন তিনি।
আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে শ্রম প্রতিমন্ত্রী আমেনাকে ঢাকায় আনার ব্যবস্থা করবেন বলেও মঙ্গলবার শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পাশাপাশি আমেনার ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন মুজিবুল হক।
আমেনার ওপর নির্যাতন চালিয়ে তার পুরো পিঠ আগুনে ঝলসে দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। গুরুতর আহত ১০ বছর বয়সী আমেনাকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় রোববার আমেনার ফুপু ফুল জাহান বেগম টুনি বাদী হয়ে ফেনী পৌরসভা চত্বর এলাকার আনন্দ কমিউনিটি সেন্টারের মালিক শামছু মিয়ার স্ত্রী আফরোজা বেগমকে (৫৫) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
ওই মামলায় মঙ্গলবার ভোরে আফরোজাকে গ্রেপ্তার করে পুলিশ।
