২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুকে কটূক্তি: খালেদার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পিছিয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ২১ অগাস্ট দিন ঠিক করেছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2017, 04:39 PM

Updated : 19 Aug 2022, 05:03 PM

ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান মঙ্গলবার তদন্ত প্রতিবেদনের জন্য নতুন এ দিন ধার্য করেন।

এদিন প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও শাহবাগ থানার ওসি তা দাখিল না করায় হাকিম নতুন দিন ধার্য করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অভিযোগ দায়েরকারী জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

আরজি থেকে জানা যায়, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চান নাই। তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ায় এ দেশের জনগণ যুদ্ধে নেমে ছিল।’

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ওই সময় তিনি আরও বলেন, “বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের নামে চলছে দুর্নীতি ও লুটপাট। দলীয় লোকদের জঙ্গি বানিয়ে নিরীহ লোকজনকে হত্যা করছে, সংখ্যালঘুর বাড়ি-ঘর ভাঙচুর, অগ্নিসংযোগ করে লুটপাট ও হত্যা করছে। যেমন পুলিশ বাহিনী দিয়ে বিরোধীদলসহ ভালো ভালো লোককে গ্রেপ্তার, গুম এবং হত্যা করছে।’

“উন্নয়নের নামে পদ্মাসেতু ও ফ্লাইওভারের কাজ বিলম্ব করে ব্যয়বহুল অর্থ দেখিয়ে লুটপাট করছে। যার বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীদের হুকুম দিচ্ছি, তোমরা প্রতিটি গ্রামে-গঞ্জে নেমে এই সরকারের বিরুদ্ধে সকল জনগণ ও যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার ব্যবস্থা কর।”

এর জের ধরে গত ২৫ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বাদী হয়ে খালেদা বিরুদ্ধে এ অভিযোগ আনেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি সরাসরি মামলা হিসাবে না নিয়ে শাহবাগ থানার তদন্তকারী কর্মকর্তাকে প্রতিবেদন জমার নির্দেশ দেয়।