২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে ছাত্র ইউনিয়ন নেত্রীকে যৌন হয়রানির অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রনিয়া সুলতানাকে ফেইসবুকে হুমকি ও যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2017, 12:05 AM

Updated : 11 Apr 2022, 11:55 PM

সংগঠনের পক্ষ থেকে রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

সভাপতি রুহুল আমিন ও রনিয়া সুলতানা স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সোহানের মৃত্যুর পর ফেইসবুকে একটি পোস্ট দেন রনিয়া সুলতানা। এতে ‘স্বপ্না আকাশ’ নামে একটি ফেইসবুক আইডি থেকে তাকে হুমকি প্রদান ও যৌন হয়রানিমূলক মন্তব্য করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফেরদাউস হাসান রাসেল ‘স্বপ্না আকাশ’ নামের ওই ফেইসবুক আইডি চালান বলে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন ছাত্র ইউনিয়ন নেতারা।

আইসিটি আইনের আওতায় রাসেলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জবি প্রক্টর নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি খতিয়ে দেখে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

গত ২৯ মে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১১তম ব্যাচের দ্বিতীয় বর্ষ ১ম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর আগে প্রায় ২৫ সহপাঠীর অসুস্থতার কথা জানিয়ে পরীক্ষা পেছানোর দাবি করেন শিক্ষার্থীরা।

কিন্তু পরীক্ষা কমিটির সভাপতি মিল্টন বিশ্বাস পরীক্ষা না পেছানোর সিদ্ধান্তে অটল থাকেন। ৮ জুন পরীক্ষা হলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সোহান নামে এক শিক্ষার্থী, ৯ জুন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

সোহানের সহপাঠীরাসহ ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তার মৃত্যুর জন্য পরীক্ষা কমিটির সভাপতি মিল্টন বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়।