ঢাকা বিমানবন্দরে দুই পিস্তল উদ্ধার
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারকার্গো থেকে আমদানি নিষিদ্ধ দুটি ওয়ালথার পিপি পিস্তল আটক করেছে শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইতালি থেকে আসা অস্ত্রের এক চালানে আনা আমদানি নিষিদ্ধ পুরাতন ও ব্যবহৃত দুটি অস্ত্র সুকৌশলে খালাস করে নেয়া হবে বলে খবর পেয়েছিলেন তারা।
“সেই সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল শাহজালাল বিমানবন্দরের এয়ারকার্গো ইউনিটের ১ নম্বর স্ট্রং রুমে রক্ষিত আগ্নেয়াস্ত্রগুলো পরীক্ষা করে অস্ত্র দুটি পায়।”
আটক পিস্তলগুলো ওয়ালথার পিপি কালিবার ৭ দশমিক ৬৫ এম এম (দশমিক ৩২ অটো) মডেলের।
বায়তুল মোকাররম মার্কেটের ইমরান আর্মস অ্যান্ড কোম্পানি অস্ত্রের এই চালান আমদানি করে। তাদের সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল পূর্ব রায়েরবাজারের এম এম ট্রেডার্স। অস্ত্রের চালানটি ইতালি থেকে কে ইউ ২৮৩ ফ্লাইটে ঢাকা আসে।
