এসআই সাত্তারকে ‘ছাড়তে চাইছিলেন’ শম্পা
খালাত বোনের স্বামী এসআই আবদুস সাত্তারকে বছরকাল আগে বিয়ে করার পর এখন তাকে ছাড়তে চাইছিলেন শম্পা আক্তার; কিন্তু দ্বিতীয় স্ত্রী শম্পাকে ছাড়তে রাজি ছিলেন না সাত্তার। এই নিয়ে কলহই দুজনের মৃত্যুর কারণ বলে সন্দেহ করছে পুলিশ।
মাথায় জখমের চিহ্ন দেখে পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, নিজের পিস্তল দিয়ে শম্পাকে গুলি করার পর আত্মহত্যা করেন এসআই সাত্তার।
শনিবার রাজধানীর মিরপুরের রূপনগরের বাসা থেকে দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা দায়েরের পর সহকর্মী ও তার স্ত্রীর মৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ।
রাজধানীর বাড্ডা থানায় কর্মরত এসআই সাত্তার রূপনগরের ২২ নম্বর সড়কের ৩২ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে শম্পাকে নিয়ে থাকতেন। রূপনগরেই কয়েকশ গজ দূরে আরেকটি ভবনে দুই সন্তানকে নিয়ে থাকেন তার প্রথম স্ত্রী ববিতা আক্তার।
রূপনগর থানার ওসি সৈয়দ সহিদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক সঙ্গে দুই সংসার চালাতেন সাত্তার। দুই বাড়িতেই থাকতেন তিনি। তবে দ্বিতীয় স্ত্রী শম্পার সঙ্গেই বেশি থাকতেন।
নাটোরের নলডাঙার খুজুরা গ্রামের সাত্তার ২০০৫ সালের দিকে পুলিশ বাহিনীতে যোগ দেন। তখনই বিয়ে করেছিলেন ববিতাকে।
সাত্তারের বড় ভাই বাবলু রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেড় বছর আগে ঢাকায় খালাত বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন শম্পা।
শম্পা কয়েক মাস বাড়িতে থাকার পর এক বছর আগে তাকে সাত্তার বিয়ে করেন বলে রূপনগরের ওসি সহিদ আলম জানান।
দ্বিতীয় বিয়ের পর দুই স্ত্রীকে নিয়ে আলাদাভাবে সাত্তার গ্রামে বেড়াতে গিয়েছিলেন বলেও জানান বাবলু।
এনিয়ে পারিবারিক কলহ দেখা দিয়েছিল কি না- জানতে চাইলে তিনি বলেন, “ববিতা আমাকে বলছে, তার সঙ্গে সাত্তারের কোনো ঝামেলা হয়নি। তবে শম্পার সঙ্গে ঝামেলার কথা শুনেছি।”
কর্মস্থলের ঊর্ধ্বতন কর্মকর্তা বাড্ডা থানার ওসি এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্র ও শনিবার ছুটি নিয়েছিলেন সাত্তার। তার মধ্যেই ঘটে এই ঘটনা।
তিনি বলেন, “শোনা যাচ্ছে যে দুই মাস আগে সাত্তারকে তালাক দিয়েছিল শম্পা। ওই তালাকের পর সাত্তার আবার শম্পাকে বিয়ে করেছে। অর্থাৎ শম্পা সাত্তারের সঙ্গে থাকতে চাইছিল না, কিন্তু সাত্তার শম্পাকে ছাড়তে রাজি ছিল না। এই নিয়ে বাদানুবাদের মধ্যেই এই ঘটনা ঘটে।”
এই সড়কের একটি বাড়িতে থাকতেন শম্পা ও সাত্তার; যেখানে তাদের গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছিল
দুই স্ত্রীর প্রতিবেশিদের সঙ্গে কথা হয়েছে জানিয়ে রূপনগরের ওসি সহিদ বলেন, “শম্পার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ছিল সাত্তারের। মোট কথা পারিবারিক অশান্তি থেকে এই হত্যাকাণ্ড।”
ভেতর থেকে বন্ধ ঘর থেকে লাশ উদ্ধারের পর শম্পা সাত্তারকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন, নাকি সাত্তার শম্পাকে হত্যার পর আত্মহত্যা করেছেন, তার উত্তর খুঁজছিলেন পুলিশ কর্মকর্তারা।
ময়নাতদন্ত প্রতিবেদনের আগে মুখ খুলতে না চাইলেও নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাত্তারের গুলিটি লেগেছে মাথার ডান পাশে কানের ঠিক উপরে, অন্যদিকে শম্পারটি লেগেছে মাথার মাঝামাঝিতে। আত্মহত্যা করলে যে অংশে গুলি থাকার কথা, সে অংশেই গুলি সাত্তারের।”
দরজা ভেঙে পুলিশ ঢুকে মেঝেতে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। পাশে ছিল সাত্তারের পিস্তলটি। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান, এই দম্পতি মারা গেছেন।
রোববার ময়নাতদন্তের পর দুজনের লাশ নিয়ে নাটোরের দিকে রওনা হয়েছেন সাত্তারের বড় ভাই বাবলু। এই মৃত্যুর ঘটনায় মামলাটি তিনিই করেছেন।
বাবলু জানান, তাদের সাত ভাই দুই বোনের মধ্যে সাত্তার ছিলেন সপ্তম। তাদের বাড়ি খুজুরা। তার পাশের কাঠমণ্ডুর গ্রামে শম্পার বাড়ি।
