২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মস্থলে উত্তরখান থানার ওসির মৃত্যু

কর্তব্যরত অবস্থায় হৃদরোগে মারা গেলেন ঢাকার উত্তরখান থানার ওসি শেখ সিরাজুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 05:41 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

বুধবার দুপুরে তিনি তার কার্যালয়ে অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি বলে সহকর্মীরা জানিয়েছেন।

উত্তরখান থানার  পরিদর্শক (তদন্ত) মো. মামুনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অফিসে থাকা অবস্থায় পৌনে ১২টার দিকে বুকে ব্যথা অনুভব করার কথা জানান ওসি স্যার। সঙ্গে সঙ্গে তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত ডাক্তার দেখে তাকে মৃত ঘোষণা করেন।”

বিকালে রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে সিরাজুল ইসলামের জানাজা হবে বলে জানান পরিদর্শক মামুন।

সিরাজুলের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

প্রয়াত সিরাজুল ইসলামের বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, দুই  ছেলে ও এক মেয়ে  রেখে গেছেন।

সিরাজুল ১৯৬৫ সালের ২ জানুয়ারি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার হেলেঞ্চা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি।