২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সাময়িক বরখাস্তের মেয়াদ ৬০ দিন নির্ধারণ করে পরিপত্র জারি না করায় শিক্ষা সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2017, 08:15 PM

Updated : 19 Aug 2022, 04:59 PM

একটি আবেদনের শুনানি করে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করে।

শিক্ষা সচিবকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছে আদালত।

আবেদনকারীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ন কবির আদেশের পর সাংবাদিকদের বলেন, দেড় বছর সাময়িক বরখাস্ত থাকার পর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উজান তেওড়া টি ইউ এম হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুন্নবী সরকার এই রিট আবেদন করেন।  

সেখানে বলা হয়, আগে একজন শিক্ষককে সর্বোচ্চ তিন মাসের জন্য সাময়িক বরখাস্ত করা যেত। অভিযোগের নিষ্পত্তি না হলে তিন মাস পর বরখাস্তের আদেশ আপনা আপনি উঠে যেত। ১৯৯৬ সালে ওই নিয়ম বাতিল করা হয়।

অনির্দিষ্টকালের জন্য সাময়িক বরখাস্ত করে রাখা মানবিক অধিকারের লঙ্ঘন- এই যুক্তি দেখিয়ে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সাময়িক বরখাস্তের মেয়াদ ৬০ দিন করার নির্দেশনা চেয়ে ২০১৫ সালে ওই রিট আবেদন করা হয়।

রিটের শুনানি নিয়ে ওই বছর ১০ নভেম্বর হাই কোর্টের একটি বেঞ্চ শিক্ষকদের সাময়িক বরখাস্তের মেয়াদ ৬০ দিন নির্ধারণ করে ৩০ দিনের মধ্যে পরিপত্র জারি করতে নির্দেশ দেয়।

দীর্ঘ সময়েও আদালতের আদেশ বাস্তবায়ন না হওয়ায় চলতি বছরের ২০ ফেব্রুয়ারি আইনজীবীর মাধ্যমে শিক্ষাসচিবের কাছে আবেদন করেন রিটকারী।

তাতেও সাড়া না পেয়ে ১৮ এপ্রিল শিক্ষাসচিবকে আদালত অবমাননার নোটিস পাঠান রিটকারীর আইনজীবী।

এরপরও শিক্ষকদের সাময়িক বরখাস্তের মেয়াদ ৬০ দিন নির্ধারণ করে পরিপত্র জারি না করায় রিটকারী শিক্ষা সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। সেই মামলার শুনানি নিয়ে হাই কোর্ট মঙ্গলবার রুল জারি করল।