২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকবাজারের বাসার রান্নাঘরে নারীর লাশ

রাজধানীর চকবাজার এলাকার এক বাসা থেকে পুলিশ এক নারীর লাশ উদ্ধার করেছে, যাকে আঘাত করে হত্যা করা হয়েছে বলে পুলিশের সন্দেহ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2017, 02:04 PM

Updated : 19 Aug 2022, 04:59 PM

ফিরোজা বেগম নামের ৫০ বছর বয়সী ওই নারীর বাড়ি লক্ষ্মীপুরে। চকবাজারের কামালবাগ এলাকার ওই বাসায় ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, রোববার রাত ১টার দিকে রক্তাক্ত অবস্থায় ফিরোজাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।

পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার মো. সিরাজুল ইসলাম বলেন, কামালবাগের একটি ভবনের তৃতীয়তলায় ফিরোজা ও তার ছেলে জসিম ভাড়া থাকতেন। আশপাশের মানুষ রোববার রাত ১২টার দিকে ফিরোজাকে রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় পেয়ে হাসপাতালে নিয়ে যায়। জসিম তখন বাসায় ছিলেন না।

“ফিরোজাকে কোনো কিছু দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

কারা কী কারণে তাকে হত্যা করে থাকতে পারে, ওই বাসার কিছু খোয়া গেছে কিনা- এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।