শুক্রবার থেকে ফলের মেলা ঢাকায়
‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার শুরু হচ্ছে ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও তিন দিনের জাতীয় ফল প্রদর্শনী।
সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ফার্মগেইটের আ কা মু গিয়াস উদ্দীন মিল্কী অডিটরিয়াম চত্বরে ১৬ থেকে ১৮ জুন জাতীয় ফল প্রদর্শনী হবে। আর ফলদ বৃক্ষ রোপণ পক্ষ চলবে ৩০ জুন পর্যন্ত।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।
মোশাররফ জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে গিয়াস উদ্দীন মিল্কী অডিটরিয়াম চত্বর পর্যন্ত একটি শোভাযাত্রা হবে। শোভাযাত্রার পর সকাল ১০টায় অর্থমন্ত্রী ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনীর উদ্বোধন করবেন।
এ উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘খাদ্য, পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তায় দেশি ফলের ভূমিকা শীর্ষক একটি সেমিনার হবে।
মেলায় অঞ্চলভেদে বিভিন্ন ফলের স্টল থাকবে জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৭৫টি স্টল থাকবে সেখানে।
১৩০ প্রজাতির ফলের একাধিক জাত প্রদর্শিত হবে মেলায়। বিভিন্ন জাতের ফলও কেনা যাবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
অন্যদের মধ্যে প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
