নতুন তথ্যপ্রযুক্তি নীতিমালা শিগগিরই: পলক
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেল গঠন করে শিগগিরই এ খাতের জন্য নতুন নীতিমালা তৈরির প্রাথমিক কাজ শুরুর কথা বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-২০১৫ যুগোপযোগীকরণ’ শীর্ষক এক কর্মশালায় বক্তব্য দিচ্ছিলেন তিনি।
কর্মশালার উদ্বোধন করেন জুনাইদ আহমেদ পলক।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব সুবীর কিশোর চৌধুরীর সভাপতিত্বে এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসিস সভাপতি মোস্তাফা জব্বার।
বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুর্খার্জি। মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন এটুআই এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী ও ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের পার্টনার শামীম আহসান।
প্রতিমন্ত্রী পলক তার বক্তব্যে বলেন, “সিটিজেন বেনিফিট, রিফ্লেকশন, জাস্টিফিকেশন- এই তিনটি বিষয়কে মাথায় রেখে আমরা এবার আইসিটি নীতিমালাটি নতুনভাবে প্রণয়ন করব। ই কমার্সের ট্রানজিশন, ট্রেড ব্র্যান্ডিং স্ট্র্যাটেজিও আমাদের মাথায় রাখতে হবে।”
জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন আইসিটি নীতিমালা প্রণয়ন করতে গিয়ে পলক ক্রিয়েটিভ ইকোনমি ও ভার্চুয়াল এডুকেশনের উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “আমরা তথ্যপ্রযুক্তি খাতে এখন বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ। গোটা বিশ্ব এখন আমাদের ‘টেস্ট কেস’ হিসেবে নিয়েছে। বাংলাদেশের স্যোশ্যাল প্রবলেমগুলো সলভ করতে এগিয়ে আসছে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এ বিষয়টি মাথায় রেখে আমাদের ইনোভেটিভ একটি ডিজাইন তৈরি করতে হবে।”
নতুন নীতিমালা প্রণয়ণের আগে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্ত আলোচনা শুরু করতে চান তিনি।
কর্মশালায় বক্তারা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আইসিটি নীতিমালা যুগোপযোগী করার আহ্বান জানান। ২০০৯ সালে প্রণীত নীতিমালাটি ২০১৫ সালে হালনাগাদ করা হলেও সেটি ‘পূর্ণ পর্যালোচনা না করার’ অভিযোগ এনে নীতিমালাটিকে ‘ডিজিটাল বাংলাদেশ নীতিমালা-২০১৭’ নামে প্রণয়নের দাবিও জানান তারা।
বক্তারা আইসিটি নীতিমালার কাঠামো ও অনুসৃত নীতি, নীতিমালার স্বত্বাধিকারী, তদারকি এবং রিভিউয়ের ক্ষেত্রে পরিবর্তন আনার পরামর্শও দেন।
‘জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-২০১৭’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেমোস্তাফা জব্বারবলেন, “জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-১৫’ নীতিমালাটি নবায়নের পাশাপাশি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ কর্মপরিকল্পনা হিসেবে এই নীতিমালা কার্যকর করতে হবে। সরকার, নাগরিক ও শিক্ষাকে ডিজিটাল করাই হবে নীতিমালা বাস্তবায়নের প্রাথমিক স্তর।”
নীতিমালার কাঠামো ও অনুসৃত নীতি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, ২০১৮ সালকে স্বল্প মেয়াদ, ২০২৪ সালকে মধ্যমেয়াদ, ২০৪১ সালকে দীর্ঘমেয়াদ হিসেবে বিবেচনা করে নীতিমালা প্রণয়ন করতে হবে। কর্মপরিকল্পনাকে নীতি ও কাঠামোকে হালনাগাদ ও নীতিমালার রূপকল্পকে ২০৪১ সালের উপযোগী করতে হবে।
২০৪১ সালে অতিদীর্ঘ লক্ষ্য সামনে রেখে নীতিমালার ‘ক’ অনুচ্ছেদে নীতিমালা প্রণয়ণের ইতিহাস সংযুক্তির পাশাপাশি এতে বর্ণিত তথ্যগুলো হালনাগাদ করার আহ্বান জানান তিনি।
নীতিমালার ‘ক’ অনুচ্ছেদের ২ নম্বর ধারায় বিশ্বের ডিজিটাল রূপান্তর ও জ্ঞানভিত্তিক সমাজ বা অর্থনীতি গড়ে তোলার প্রবণতার বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি এতে দেশীয় ও আন্তর্জাতিক উপাত্ত ও প্রবণতা উপস্থাপন করতে হবে।
ইউএনডিপির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি বলেন, “তথ্যপ্রযুক্তি নীতিমালাকে আরও শক্তিশালী করতে আমরা আইসিটি বিভাগকে সাহায্য করব।২০৩০ এজেন্ডায় এসডিজি বাস্তবায়নের অনেকগুলোই তথ্য প্রযুক্তি খাত সংশ্লিষ্ট। এটিকে সামনে রেখে আইসিটি বিভাগ এখন দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কাজ শুরু করতে পারে। আমরা পাশেই রয়েছি।”
