লক্ষ্য রাখতে হবে, অটিড আপত্তি যাতে না হয়: রাষ্ট্রপতি
সরকারি ব্যয়ে অডিট আপত্তি যাতে না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মাসুদ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তাদের প্রতিবেদন দিতে গেলে আবদুল হামিদ এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “প্রতিবেদন পেশ করার সময় রাষ্ট্রপতি অডিট নিষ্পত্তির চেয়ে যাতে অডিট আপত্তি না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখার পরামর্শ দেন।”
রাষ্ট্রপতি জনগণের টাকা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে ব্যয় করার ওপর গুরুত্বরোপ করেন।
আবদুল হামিদ আরও বলেন, বাংলাদেশের আর্থ-সামজিক উন্নয়নে সরকারি ব্যয় ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ফলে সরকারি অর্থ ব্যয় তদারকির গুরুত্ব ক্রমশ বাড়ছে।
তিনি অডিট আপত্তি নিষ্পত্তিতে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
প্রেস সচিব জানান, সিএজি প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
তিনি এসময় বলেন, অডিট নিষ্পত্তির সংখ্যা পূর্বের তুলনায় বেড়েছে।
এছাড়া বর্তমানে পারফরমেন্স অডিটের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
