২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল আবেদন খারিজ

বিডিআর হত্যা মামলায় আসামিদের সাজাবৃদ্ধি চেয়ে তিনটি আবেদন খারিজ করে দেওয়া হাই কোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2017, 05:53 PM

Updated : 19 Aug 2022, 04:49 PM

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল।

পরে আইন কর্মকর্তা জাহিদ সরোয়ার কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাবজ্জীবন, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত খালাস পাওয়াসহ মোট ৫৮৯ জনের সাজা বৃদ্ধি চেয়ে তিনটি আবেদন (আপিল) করা হয়েছিল। কিন্তু বিলম্বে আপিল করায় গত ১৩ এপ্রিল বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ (বৃহত্তর) বেঞ্চ রাষ্ট্রপক্ষের তিনটি আপিল খারিজ করে দেয়।

পরে হাই কোর্টের এই খারিজাদেশের বিরুদ্ধে গত ১৬ মে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার ওই আপিল আবেদনের শুনানি নিয়ে সেটিও খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।”

তিনি জানান, যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া ১৬১ জনের মধ্যে ১৫৮ জন, ১০ বছর থেকে ১৪ বছর মেয়াদে সাজা হয়েছে এমন ২৩৭ জন ও খালাস পাওয়াদের মধ্যে ১৯৪ জনের সাজা বৃদ্ধি চেয়ে আপিল করা হয়েছিল।

নিম্ন আদালত ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬১ জনকে যাবজ্জীবন, ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৭৭ জনকে খালাস দেয়। এদের মধ্যে ইতিমধ্যে ১৫ জন মারা গেছেন।

গত ১৩ এপ্রিল এ মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল শুনানি শেষে বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের হাই কোর্ট বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখে।

বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।

আসামির সংখ্যার দিক দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য ২০১৫ সালে এই বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়।

হাই কোর্টে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আমিনুল ইসলাম; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও বিভিন্ন সময় শুনানিতে অংশ নিয়েছেন।

শুনানি শেষে রায় অপেক্ষামাণ রাখার পর অ্যাটর্নি জেনারেল নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেছিলেন, পিলখানা বিডিআর হত্যাকাণ্ড মামলার শুনানি শেষ হয়েছে, রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

“কিছু আসামি আছে যাদের মৃত্যুদণ্ড হওয়া উচিৎ ছিল, কিন্তু হয়নি। কিছু আসামি আছে, যারা খালাস পেয়েছেন তাদের সাজা বৃদ্ধি চেয়ে এবং খালাসের বিরুদ্ধে তিনটি আপিল করেছিলাম। কিন্তু দেরিতে আবেদন করায় তিনটি আবেদনই নাকচ করে দিয়েছে আদালত।”

নিয়ম অনুযায়ী ফাঁসির রায় অনুমোদনের জন্য নিম্ন আদালত থেকে হাই কোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। এছাড়া ১৩৭ জন ফাঁসির আসামি আপিল করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে সকলেই আপিল করলেও রাষ্ট্রপক্ষ শুরুতে কোনো আপিল করেনি। বিচারের শেষ পর্যায়ে এসে তিনটি আপিল দায়ের করে রাষ্ট্রপক্ষ।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীতে তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে (পিলখানা) সংঘটিত ট্রাজেডিতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।

এরপর ওই বছরের ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হয়। পরে মামলা দুটি নিউ মার্কেট থানায় স্থানান্তর হয়। এরমধ্যে হত্যা মামলায় অভিযোগপত্র দাখিলের পর রাজধানীর লালবাগের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিচার করা হয়।

বিচার শেষে ২০১৪ সালের ৫ নভেম্বর হত্যা মামলার রায় ঘোষণা করেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. মো. আখতারুজ্জামান।