২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিড়ির বর্ধিত শুল্ক প্রত্যাহারে আন্দোলনের হুমকি শ্রমিকদের

বিড়ির ওপর বর্ধিত শুল্ক প্রত্যাহার ও মজুরি বাড়ানোসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2017, 08:19 PM

Updated : 11 Oct 2022, 02:07 PM

পুরনো খবর:

কম দামি সিগারেট-বিড়ির দাম বেড়েছে

সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে প্রয়োজনে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুমকি দেন সংগঠনের নেতারা।

এতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আমিন উদ্দিন বলেন, “বিড়ি শিল্পকে বর্তমানে ধ্বংসের পায়তারা চলছে। বাজেটে বিড়ির উপর রাজস্ব আরোপ করে বিদেশিদের একচেটিয়া ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে। এই ধরনের ষড়যন্ত্র মানা যায় না।

"এভাবে চলতে থাকলে শ্রমিকরা কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। আমরা লক্ষ লক্ষ শ্রমিক হাড়ি পাতিল নিয়ে প্রধানমন্ত্রী কাছে আসব, বলব আমাদের ভাত দেন, কাজ দেন।”

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কমমূল্যের সিগারেট ও বিড়ির দাম বাড়ানোর প্রস্তাব করা হয়; তবে যেসব সিগারেটের প্যাকেট ৪৫ টাকা বা তার বেশি সেগুলোর দাম বাড়ছে না।

বাজেট বক্তৃতায় বিড়ির ভয়াবহতা সিগারেটের চেয়েও বেশি মন্তব্য করে আগামী তিন অর্থবছরের মধ্যে দেশ থেকে বিড়ি উৎপাদন বন্ধ করে দেওয়ার পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রীর এ ধরনের বক্তব্যে সংবাদ সম্মেলন থেকে ক্ষোভ প্রকাশ করেন বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান।

তিনি বলেন, “অর্থমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে মানেন না। একেক সময় একেক রকম কথা বলেন। বিড়ি শিল্পের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। এভাবে চলতে থাকলে তারও বিচার দাবি করতে বাধ্য হব।”

বিড়ি শিল্প ধ্বংস হলে প্রায় ৪৫ লাখ পরিবার কর্মহীন হয়ে পড়বে বলে সংবাদ সম্মেলন থেকে দাবি করে এই শিল্পকে রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ সম্পাদক হারিক হোসেন।

ফেডারেশনের দাবির মধ্যে বিড়ির ওপর ‘অযৌক্তিক রাজস্ব কর’ ও ‘বিড়িতে স্বাস্থ্যঝুঁকি আছে, সিগারেটে তেমন নেই’ বলে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহার, বিদেশি কোম্পানির ‘এদেশীয় দালালদের’ দৌরাত্ম বন্ধ করা, বিড়ির বাজারকে নিম্নমানের সিগারেটের হাতে তুলে দেওয়া বন্ধ করা, চালসহ নিত্যপণ্যের ঊর্ধগতির কারণে প্রতি হাজার বিড়ির মজুরি ৬০ টাকা নির্ধারণ এবং নিম্নমানের সিগারেট প্রতি সলাকা যেন ৫ টাকা হয়, এমনভাবে সিগারেটের ওপর রাজস্ব নির্ধারণ করা রয়েছে।