পল্টনে ছিনতাইয়ের খবর
রাজধানীর পল্টনে সংবাদ পত্রিকা অফিসের কাছে এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার রাতের এ ঘটনায় ছিনতাইয়ের শিকার ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। ছিনতাইকারীরা তার কী জিনিস ছিনিয়ে নিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
তবে প্রত্যক্ষদর্শী এক ব্যাক্তির বরাত দিয়ে সংবাদের এক জ্যেষ্ঠ সংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে তিনটি মোটর সাইকেলে করে আসা ছয়জনের মধ্যে দুইজন এক রিকশা আরোহীকে টেনে হিঁচড়ে রাস্তায় নামিয়ে তার ব্যাগ ও পকেট থেকে টাকা নিয়ে গুলি করতে করতে পালিয়ে যায়।
ওই ব্যক্তির শরীরের বিভিন্নস্থানে লুকিয়ে রাখা টাকাও নিয়ে যায় জানিয়ে প্রত্যক্ষদর্শী জানান, রিক্সায় করে ওই ব্যক্তি বায়তুল মোকাররমের দিক থেকে হাউজ বিল্ডিংয়ের গলি হয়ে আসছিল এবং তাকে তিনটি মোটরসাইকেল অনুসরণ করছিল। ঘটনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বায়তুল মোকাররমের দিকে দৌড়ে চলে যায়।
ঘটনার সময় বেশ কয়েক রাউন্ড গুলি করে ছিনতাইকারীরা, যাদের অন্তত তিনজনের কাছে অস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীর ধারণা।
পল্টন থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “ঘটনার পরপরই পুলিশ সেখানে পৌঁছে। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা খেলনা পিস্তল ব্যবহার করেছিল।”
ছিনতাইয়ের শিকার ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, “টাকা নাকি স্বর্ণালংকার, না অন্য কিছু ছিনতাই করেছে তাকে না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। তবে ছিনতাইকারীদের ধরতে একাধিক টিম মাঠে কাজ করছে।”
