২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগার নিলয় হত্যা : প্রতিবেদন পিছিয়ে ৪ জুলাই

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পিছিয়ে আগামী ৪ জুলাই ধার্য করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2017, 05:58 PM

Updated : 19 Aug 2022, 04:42 PM

বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিনে তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান তা দিতে ব্যর্থ হলে ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির নতুন দিন ঠিক করে দেন।

এর আগে সর্বশেষ গত ১৮ এপ্রিল একই কারণে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২৫ মে নির্ধারণ করা হয়েছিল।

আদালতের সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আশরাফ উদ্দিন জানান, এর আগে সাতটি তারিখ পিছিয়ে যায় তদন্ত প্রতিবেদন জমার।

গতবছরের ৭ অগাস্ট রাজধানীর গোড়ানের বাসায় ঢুকে নীলাদ্রি চট্টোপাধ্যায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিলয়ের স্ত্রী আশামনি অজ্ঞাত চারজনকে আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন।

মামলার পর বিভিন্ন সময় আটজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে কামাল হোসেন, কাওছার সরদার, খায়রুল ইসলাম কারাগারে রয়েছেন।

মাওলানা মুফতি আ. গাফফার, মর্তুজা ফয়সাল সাব্বির, সাদ আল নাহিদ, মাসুম রানা এবং তরিকুল ইসলাম হাই কোর্ট থেকে  জামিন পেয়েছেন বলে জানান এসআই আশরাফ।

খায়রুল ইসলাম ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় এর আগে হাকিমের কাছে জবানবন্দী দিয়েছেন।