ঢাবির কলাভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ছয়তলা থেকে পড়ে মারা গেছেন এক শ্রমিক।
নিহত মো. এলাহী (১৯) ওই ভবনে রংয়ের কাজ করছিলেন। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়।
শনিবার দুপুরে ভবনটিতে রংয়ের কাজ করার সময় পা ফসকে নিচে পড়ে মারা যান বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একজন ঠিকাদারের অধীনে ওই ভবনে কাজ করছিলেন এলাহী।
“দুপুরে ভবনের বাইরের দিকে কাজ করার সময় সে হটাৎ করে পড়ে যায়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এলাহীর বাড়ি গোপালগঞ্জে বলে নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
