২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘেরাও স্বাগত জানাত ইউজিসি, পেটাল পুলিশ

উচ্চ শিক্ষার ব্যয় বাড়ানোর পরিকল্পনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ঘেরাও করতে যাওয়া সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীদের ‘স্বাগত’ জানাতেন বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান; যদিও শাহবাগে পিটুনি খেয়ে ফিরতে হয়েছে বাম ছাত্র সংগঠনটিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2017, 09:05 PM

Updated : 19 Aug 2022, 04:39 PM

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবেশে শেষে দুপুরে মিছিল নিয়ে ইউজিসি কার্যালয় ঘেরাওর উদ্দেশে আগারগাঁওয়ের পথে রওনা হন ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীরা।

অপরাজেয় বাংলায় তাদের সমাবেশ চলার সময় শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মান্নান।

তিনি অনুষ্ঠানে বলেন, “গবেষণা খাতে বাজেট বাড়ানোর দাবিতে আজকে একটি ছাত্র সংগঠন ইউজিসি কার্যালয় ঘেরাও করবে। আমি পুলিশকে বলেছি, ‍তাদের যেন ইউজিসির আগারগাঁওয়ে এ আসতে দেওয়া হয়। তারা যেন হেঁটে আসে, কোনো বাসে নয়।

“আমি তাদের জন্য চা-পানের ব্যবস্থা করে রেখেছি। তাদের এক একজনকে জিজ্ঞাসা করব, তারা ক’টি গবেষণা করেছে। এটার একটা তালিকা করব।”

Image
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান

তবে শাহবাগে তখন ছিল ভিন্ন চিত্র। সকাল ১১টার দিকে ডিপ্লোমা মেডিকেল অ্যাসিটেন্ট অ্যাসোসিয়েশনের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ‍পুলিশের সংঘর্ষ হয়।

তার দেড় ঘণ্টা বাদে ছাত্রফ্রন্টের মিছিল সেখানে এলে তারাও পুলিশের বাধার মুখে পড়ে। এসময় ডিপ্লোমা মেডিকেলের শিক্ষার্থীরাও ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীদের সঙ্গে যোগ দিলে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও রঙিন পানি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্সও জানান, ইউজিসি চেয়ারম্যান তাদের স্বাগত জানানোর কথা বলেছিলেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘেরাও কর্মসূচি নিয়ে উনার সঙ্গে কথা হয়েছিল। তিনি বলেছিলেন, কার্যালয়ে তিনি থাকবেন না, গাজীপুরে যাবেন। উনার সচিব স্বাগত জানাবে।”

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মান্নান সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি অনুষ্ঠানে শেষ গাজীপুরে এসেছিলাম। অফিসে বলে এসেছিলাম, সংগঠনটি এলে তাদের চা-পানের ব্যবস্থা করতে।”

কিন্তু পুলিশ বিনা উসকানিতে মিছিলে হামলা চালিয়েছে বলে দাবি করেন প্রিন্স। 

“পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায়। তারা লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে আমাদের উপর।”

Image
ছাত্র ফ্রন্টকর্মীদের উপর মারমুখী পুলিশ

ছাত্র ফ্রন্টকর্মীদের উপর মারমুখী পুলিশ

Image
ছাত্র ফ্রন্টকর্মীদের দিকে পুলিশের কাঁদুনে গ্যাস

ছাত্র ফ্রন্টকর্মীদের দিকে পুলিশের কাঁদুনে গ্যাস

তবে পুলিশ কর্মকর্তারা বলছেন, পাশে দুটি বড় হাসপাতাল থাকায় পরিস্থিতি শান্ত রাখতে তাদের পদক্ষেপ নিতে হয়েছে।

ডিএমপির রমনা জোনের ডিসি মারুফ হোসেন সর্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদেরকে শুরুতে বাধা দেওয়া হয় নাই, হামলাও করা হয় নাই। কেবল মিরপুর রোড ধরে আগারগাঁওয়ে যেতে বলা হয়েছিল।

“কিন্তু তারা বাংলামটর-ফার্মগেট রোড ধরেই যাবেন। এটা ভিআইপি রোড হওয়ায় তাদের টিয়ারশেল ও জলকামান দিয়ে শাহবাগ থেকে সরানো হয়েছিল।”

পুলিশি হামলায় ২০-২৫ জন আহত হয়েছেন জানিয়ে প্রিন্স বলেন, এ কারণে তাদের আগারগাঁওয়ে যাওয়া হয়নি।

পুলিশি বাধার বিষয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মান্নান সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেটা তার জানা নেই।

“এটা আমি জানি না। তারা আসতে চেয়েছিল, তাই আয়োজন করেছিলাম। আমি গাজীপুরে যাব বলে অফিসের কর্মকর্তাদের বলেছি, তাদের বসতে দিতে।”

এদিকে ছাত্র সংগঠনের গবেষণা নিয়ে ইউজিসি চেয়ারম্যানের বক্তব্যেরও সমালোচনা করেন ছাত্র ফ্রন্ট প্রিন্স।

তিনি বলেন, “গবেষণাহীন একটি বিশ্ববিদ্যালয় হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য অনেক আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থী আছেন, তারা গবেষণার জন্য পর্যাপ্ত সময় পান না।

“গবেষণা খাতে বাজেট বাড়ানোর দাবি জানানোর প্রেক্ষিতে তিনি যদি আমাদের গবেষণা তালিকা করতে চান, এটা উনার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য।”

পুরনো খবর:

শাহবাগে দফায় দফায় সংঘর্ষ