সম্মাননা পেলেন ৪৩ মা
সন্তানের সফলতায় মায়েদের সংগ্রাম স্মরণীয় করে রাখতে বিশ্ব মা দিবসে ১০ মাকে সম্মাননা জানিয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।
রোববার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে সম্মাননা পাওয়া এই মায়েদের পদক পরিয়ে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সম্মাননা পাওয়াদের মধ্যে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মনির উদ্দিনের মা সাকেরা বেগম, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার কৃষ্ণপদ রায়ের মা রমা রায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নুজহাত চৌধুরীর মা শ্যামলী নাসরীন চৌধুরী, ২০১৬ সালে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পুরস্কার পাওয়া নাহিদা হাবিবার মা মন্নুজান খাতুন, ফুটবল তারকা কায়সার হামিদের মা দাবাড়ু রানী হামিদ, ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্রের মা স্নিগ্ধা চন্দ, সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর মা রাশিদা চৌধুরী, অভিনেত্রী বিপাশা হায়াতের মা শিরীন হায়াত, অভিনেতা চঞ্চল চৌধুরীর মা নমিতা চৌধুরী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য মেধাবী’ শিক্ষার্থী জাহাঙ্গীর আলমের মা জহুরা বেগম।
কৃষ্ণপদ রায়ের মা রমা রায় ছাড়া অন্যরা অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হাসানুল হক ইনু বলেন, মায়ের ঋণ শোধ করা যায় না, সেটা স্বীকার করতে হয়।
“অনেক হতভাগা সন্তান সেটা করতে পারে না।সন্তান হিসাবে এটা করতে হয়। অবশ্য করা না করাতে মায়ের কিছু যায় আসে না।”
প্রত্যেক মা তার সন্তানকে ‘শ্রেষ্ঠ’ মনে করে জানিয়ে তিনি বলেন, মা তার সন্তানকে কতটুকু ভালবাসেন- এমন কথা মাঝে মাঝে আসে।
“তবে মা তার সন্তানকে ততটুকু ভালবাসেন, যতটা ভালোবাসা তিনি নিজের মধ্যে ধারণ করতে পারেন।”
মুক্তিযুদ্ধে কিশোর আজাদের কৃতিত্ব ও তার মায়ের সংগ্রামের কথা তুলে ধরেন তথ্যমন্ত্রী।
“এই রকম মায়েরা না থাকলে আমরা যুদ্ধ করতে পারতাম না।কারণ আমরা যখন যুদ্ধে গিয়েছি, তখন জানতাম না, আমরা ফিরব কিনা।
“আবার নয় মাস না নয় বছরে যুদ্ধ শেষ হবে সেটারও নিশ্চয়তা ছিল না।”
“তাদের অনেকের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছে।তবুও তারা পাকিস্তানীদের কাছে মাথানত করেননি।”
‘গরবিনী মা’ শিরোনামের অনুষ্ঠানে পদকের পাশাপাশি মায়েদের হাতে ক্রেস্ট, সনদ ও উপহার তুলে দেন তথ্যমন্ত্রী।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার পাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর যুগ্ম-সম্পাদক সোহরাব হাসান।স্বাগত বক্তব্য দেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্ত্তী।
‘আজাদ প্রোডাক্টস রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড’
একই দিন ভিন্ন এক অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল এমন সন্তানদের ৩৩ মাকে সম্মাননা জানিয়েছে আজাদ প্রোডাক্টস।
রাজধানীর ঢাকা ক্লাবের এই অনুষ্ঠানে সম্মাননা পাওয়া মায়েদের অভিনন্দন জানান প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
নতুন যারা মা হয়েছেন তাদের সন্তানদের লেখাপড়ার চাপ কমিয়ে সংস্কৃতি ও খেলাধুলার দিকে আগ্রহী করে তোলার কথা বলেন সংস্কৃতি মন্ত্রী।
“এখনকার মায়েরা সন্তানদের কেবল বলছে- পড়, পড় আর পড়।শুধুমাত্র বইয়ের কয়েকটা পৃষ্ঠার মধ্যে তাদের জীবনকে সীমাবদ্ধ করে রাখবেন না।
“এভাবে জ্ঞানী হওয়া যায় না, সম্পূর্ণ মানুষ হওয়া যায় না।পরবর্তী প্রজন্মকে মানুষ করতে চাইলে নিরেট বইয়ের মধ্যে থাকতে দেওয়া যাবে না।”
“ওরা সবাই গ্র্যাজুয়েট-মাস্টার্স, তাতেই আমি খুশি।অভাব-অনটনের মাঝেও আমি পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ।”
সম্মাননা পাওয়া মা হামিদা আক্তার খাতুন অনুষ্ঠানে এসেছিলেন তার তিন সন্তানকে নিয়ে।
মা সম্মাননা পাওয়ায় গর্বিত ছেলে চিকিৎসক হাসিবুজ্জামান বলেন, মা-বাবার কারণেই আজ এ পর্যন্ত এসেছি।
“অন্য কেও এতো ত্যাগ স্বীকার করে একটা মানুষের জন্য? মায়ের পুরস্কারপ্রাপ্তি মানে আমরা সবাই সম্মানিত।”
২০০৩ সাল থেকে প্রতি বছর আজাদ প্রোডাক্টস এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করছে।
এরই ধারাবাহিকতায় এ বছর সাধারণ শ্রেণিতে ২৫ জন এবং বিশেষ শ্রেণিতে ৮ জন মাকে সম্মানিত করা হয়।
এছাড়া ড. এম এনামুল হক পেয়েছেন ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল-২০১৬’ সম্মাননা।
আজাদ প্রোডাক্টসের কর্ণধার আবুল কালাম আজাদ বলেন, সন্তানদের যোগ্যতা এবং মায়েদের ত্যাগ-কষ্ট বিবেচনা করে সম্মাননা পাওয়াদের নির্বাচন করা হয়।
