খালেদার আলোকচিত্রী নূরউদ্দিন ‘ন্যায় বিচার পাননি’
সাতাশ বছর আগে ময়মনসিংহে ফ্রিডম পার্টির হামলায় এক পথচারী নিহতের মামলায় খালেদা জিয়ার ব্যক্তিগত আলোকচিত্রী নূরউদ্দিন আহমেদ নুরুর যাবজ্জীবন কারাদণ্ডের রায়কে আইনবিরোধী দাবি করেছে আইনজীবী ও পেশাজীবী সাংবাদিকদের একাংশ।
শুক্রবার বিকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে নূরউদ্দিন আহমেদের মুক্তির দাবিও জানান তারা।
দণ্ডপ্রাপ্ত নূরউদ্দিনকে ‘পেশাজীবী সাংবাদিক’ অভিহিত করে তিনি ফ্রিডম পার্টির কোনো রকম সদস্য ছিলেন না বলে দাবি করে তার আইনজীবী সানাউল্লাহ মিয়ার ভাষ্য, নূরউদ্দিন আহমেদকে মামলাটিতে অন্যায়ভাবে জড়ানো হয়।
তার দণ্ডকে বেআইনি দাবি করে তিনি বলেন, “মামলায় যেসব সাক্ষী ছিল, তারা কেউ নুরুউদ্দিন আহম্মেদের নাম বলেনি, কেউ সাক্ষ্য প্রমাণও দেয়নি। তারপরও কেন তাকে সাজা দেওয়া হয়েছে, তা আদালত ব্যাখ্যা করেননি।”
বিএনপি নেত্রী খালেদার ব্যক্তিগত আলোকচিত্রী নূরউদ্দিনের মুক্তির জন্য আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান দলটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক সানাউল্লাহ।
১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি ময়মনসিংহের পূরবী সিনেমা হল মোড়সংলগ্ন একটি চায়ের দোকানে ফ্রিডম পার্টির নেতাকর্মীদের হামলায় এক পথচারী নিহতের সাতাশ বছর পর এ ঘটনায় দায়ের করা মামলায় গত ৯ মে নূরউদ্দিন আহমেদসহ ২৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করে ঢাকার ২ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনাল।
বর্তমানে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত প্রধান আলোকচিত্রী হিসেবে কর্মরত নূরউদ্দিন আহমেদকে জনপ্রিয় ও সদালাপী অভিহিত করে তিনি ন্যায় বিচার পাননি বলে দাবি করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ।
তার দাবি, “নব্বই সালে একজন পেশাদার সাংবাদিক হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন, ঘটনাস্থলেও তিনি যাননি। সেখানে তার নামে মামলা দেওয়া হয়েছে।”
কোনো সাক্ষী নূরউদ্দিনের বিরুদ্ধে সাক্ষ্য দেননি দাবি করে শওকত মাহমুদ বলেন, “সেখানে কী করে নূরউদ্দিন আহমেদের বিরুদ্ধে রায় দেওয়া হয়, এটা আমাদের বোধ্যগম নয়। আমরা প্রত্যাশা করব, উচ্চ আদালত এ ব্যাপারে পদক্ষেপ নেবেন।”
“যদিও এক্ষেত্রে রাজনীতির প্রতিহিংসার একটা দূরবর্তী ইশারা বা অভিযোগের ছায়া পাওয়া যায়। তারপরও পেশাদার সাংবাদিক যে যেখানেই থাকুক না কেন, তার দায়িত্ব পালনে যে অধিকার রয়েছে, সেই অধিকারকে সম্মুন্নত রাখার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করা উচিৎ।”
সংবাদ সম্মেলনে সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বর্তমান যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম মহসিন বক্তব্য রাখেন।
