স্বাধীনতা না থাকলে অ্যামনেস্টির রিপোর্ট গণমাধ্যমে এল কীভাবে: নানক
বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার পথ রুদ্ধ বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে দাবি করেছে, তা প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা রয়েছে দাবি করে এর পক্ষে যুক্তি হিসেবে সরকারের সমালোচনা সম্বলিত আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটির প্রতিবেদন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশের বিষয়টি তুলে ধরেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
যুক্তরাজ্যভিত্তিক অ্যামনেস্টির প্রতিবেদনটিকে ‘পক্ষপাতদুষ্ট’ বলেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবসের আগে দিন মঙ্গলবার বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে অ্যামনেস্টি বলছে, স্বাধীন মত প্রকাশের সুরক্ষা দিতে ব্যর্থতার পাশাপাশি সরকার বাক স্বাধীনতা খর্ব করতে খড়গহস্ত। ভিন্ন মত দমনে সব কিছুই করছে সরকার।
বুধবার ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানে নানক বলেন, “তারা বলেছে- বাংলাদেশে কথা বলার অধিকার নেই। রাত ১১টার পর টিভিগুলোর টক শোতে যার যা খুশি বলছেন, খালেদা জিয়া-মির্জা ফখরুলরা যা মনে আসে তাই বলেন।
“টিভি পত্রিকাগুলোর স্বাধীনভাবে মত প্রকাশ করছে। এমনকি আপনারা (অ্যামনেস্টি) যে প্রতিবেদন দিয়েছেন তাও কোনো পত্রিকা বা টিভি প্রকাশ করা বাদ দেয় নাই। মত প্রকাশের স্বাধীনতা না থাকলে কীভাবে এগুলো প্রকাশ করছেন?”
প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে এটি ‘বিএনপি-জামায়াতের বেতনভুক্ত এক লবিস্টের কাজ’ বলে দাবি করেন আওয়ামী লীগ নেতা নানক।
কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রভিত্তিক এক ভদ্রলোক, যিনি বিএনপি জামায়াতের পক্ষে বেতনভুক্ত একজন লবিস্ট, যার দায়িত্ব হল- বাংলাদেশের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালানো।
“তিনি লবিস্ট হিসেবে তার দায়িত্ব পালন করছেন। সুতরাং আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ও দেশের জনগণ অ্যামনেস্টির এই প্রতিবেদন প্রত্যাখ্যান করছি।”
মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার এই সভায় আওয়ামী লীগের আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফও অ্যামনেস্টিকে নিয়ে একই কথা বলেন।
“তারা সব সময়ই একটা বিশেষ রাজনৈতিক দল ও গোষ্ঠীর পক্ষে, তাদের রক্ষার জন্য কথা বলেছে, প্রতিবেদন প্রকাশ করেছে। দুর্ভাগ্য আমাদের; তাই বাংলাদেশের জনগণ ঘৃণাভরে তাদের প্রতিবেদন প্রত্যাখান করেছে।”
বাংলাদেশে যে কোনো সময়ের চেয়ে বেশি বাক স্বাধীনতা এখন রয়েছে বলে দাবি করেন হানিফ।
“আমি অবাক হয়ে যাই, তারা কোথা থেকে, কার কাছ থেকে এই সব তথ্য পেয়েছে? বাংলাদেশের মানুষের বর্তমানে যে কোনো সময়ের চাইতে বেশি বাক স্বাধীনতা রয়েছে। দেশে ৩৬টা টেলিভিশন চ্যানেল আছে। কেউ বলতে পারবে না সরকার তাদের মত প্রকাশে বাধা দিচ্ছে।”
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ বলেন, “অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট পক্ষপাতদুষ্ট।
“বিএনপি যখন জ্বালাও পোড়াও করেছে, তখন তাদের চোখে পড়ে নাই। যখন যুদ্ধাপরাধীদের বিচার কার্য চলছিল, তখনও এর বিরোধিতা করেছে। সুতরাং তাদের উদ্দেশ্যে স্পষ্ট।”
“প্রকৃতপক্ষে তারা যে দেশে বসে কাজ করে, সেই দেশ যুক্তরাজ্যেও গণমাধ্যমের এমন স্বাধীনতা নাই,” বলেন সাবেক মন্ত্রী হাছান।
