২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান পরিচালনায় বাধা দিলে মৃত্যুদণ্ড বিল সংসদে

নির্বিঘ্নে বিমান পরিচালনায় অসুবিধা সৃষ্টি করে মানুষের জীবন ঝুঁকিতে ফেললে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫ কোটি টাকা জরিমানার বিধান রেখে নতুন আইনের খসড়া সংসদে তোলা হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2017, 09:19 PM

Updated : 11 Apr 2022, 11:30 PM

বুধবার সংসদে ‘বেসামরিক বিমান চলাচল আইন-২০১৭’ বিলটি উত্থাপন করেন বিমানমন্ত্রী রাশেদ খান মেনন।

পরে বিলটি পরীক্ষা করে চার সপ্তাহের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলটি উত্থাপনের বিষয়ে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম আপত্তি জানালেও তা নাকচ হয়ে যায়।

গত ১৩ ফ্রেুয়ারি খসড়া আইটিতে চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এর আগে গত বছরের ২৯ ফেব্রুয়ারি বেসামরিক বিমান চলাচল আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।

১৯৬০ সালের ‘দ্য সিভিল এভিয়েশন অর্ডিন্যান্স’ রহিত করে  নতুন আইন করতে বিলটি আনা হয়েছে।

বিলে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এমন কোনো কাজ করেন, যাতে নির্বিঘ্নভাবে বিমান পরিচালনায় অসুবিধার সৃষ্টি হয় এবং মানুষের জীবন ঝুঁকির সম্মুখীন হয়, তবে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে।”

এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছৈ।

বিমান চালানোর অনুমতির বিধান লঙ্ঘন বা সনদ জাল করলে সর্বোচ্চ পাঁচ বছর সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে।

বিমানের নেভিশগনের সঠিক আলো ও সংকেতের কার্যক্রমে হস্তক্ষেপ করলে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।

কেউ দুর্ঘটনায় পড়া বিমানের যন্ত্রাংশ বা অন্য কোন কিছু সরিয়ে ফেললে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং অপসারিত যন্ত্রাংশের দ্বিগুণ মূল্যে অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

কেউ বিমান ভ্রমণের সময় ‘ইচ্ছকৃতভাবে’ বিপদজ্জনক পণ্য বহন করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের সঙ্গে ৫০ লাখ টাকা জরিমানার মুখে পড়বেন বলে আইনে প্রস্তাব করা হয়েছে।

বিপদজনক পণ্যের সংজ্ঞায় বলা হয়েছে, ‘এমন কোনো দ্রব্য বা বস্তু, যা স্বাস্থ্য, সম্পত্তি বা পরিবেশের ক্ষতি করতে পারে অথবা এসবের জন্য ঝুকিপূর্ণ বা নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। এছাড়া আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যেসব পণ্য বিপদজনক হিসেবে চিহ্নিত করেছে, সেগুলোও এই তালিকায় থাকবে।

বিলে অবৈধভাবে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের জন‌্য তিন থেকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা গুণতে হবে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছ, কোন এয়ার অপারেটর রেকর্ড সংলক্ষণ না করলে তিন বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

বিলে বলা হয়েছে, যদি কোনো পাইলট বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিমান ভূমি বা পানিতে অবস্থানকারী কোনো ব্যক্তি বা সম্পত্তির ওপর দিয়ে বিপজ্জনক পদ্ধতিতে চালনা করেন এবং তিনি যদি প্রমাণ করতে ব্যর্থ হন যে, ওভাবে বিমান চালানোর তার প্রত্যক্ষ ত্রুটি বা ব্যর্থতার কারণে হয়নি তবে ওই পাইলটের যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ পাঁচ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ১৯৬০ সালের অধ্যাদেশটি বাতিল করে বাংলায় নতুন আইন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এছাড়া আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত কনভেণশন বাস্তবায়নের জন্য নতুন আইনে কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়।

পুরনো খবর:

বিমান পরিচালনায় বাধা দিলে মৃত্যুদণ্ড