২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদোন্নতি না দিয়ে পরীক্ষা: অডিটর জেনারেলের বিরুদ্ধে রিট

আদালতের নির্দেশ অনুযায়ী সাড়ে পাঁচ হাজার নীরিক্ষককে (অডিটর) স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতি না দিয়ে বিভাগীয় পরীক্ষার ব্যবস্থা করায় অডিটর জেনারেলের বিরুদ্ধে হাই কোর্টে রিট হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2017, 08:34 PM

Updated : 11 Apr 2022, 11:30 PM

পদোন্নতি সংক্রান্ত বিভাগীয় পরীক্ষা বাতিল চেয়ে মঙ্গলবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিট আবেদনটি করেন আইনজীবী তনয় কুমার সাহা।

রিটে অডিটর জেনারেল, জনপ্রশাসন সচিব, অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চে বুধবার রিট আবেদনটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী তনয়। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) দপ্তরে কর্মরত প্রায় সাড়ে পাঁচ হাজার অডিটরের স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতির দাবি ছিল দীর্ঘদিনের। বৈষম্য এড়াতে প্রায় চার বছর আগে অডিটরদের পদমর্যাদা তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার সুপারিশ করে অর্থ মন্ত্রণালয়। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় সে সুপারিশ আমলে না নেওয়ায় হাই কোর্টে রিট করেন অডিটররা।”

তিনি জানান, ২০১৬ সালে আবেদনের শুনানি নিয়ে হাই কোর্ট অডিটরদের স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার নির্দেশ দেয়। পরবর্তীতে আপিল বিভাগও হাই কোর্টের রায় বহাল রাখে।

“কিন্তু কোনো কিছুই আমলে নেওয়া হয়নি। রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজের পরও অডিটরদের পদোন্নতি না দিয়ে দ্বিতীয় শ্রেণির পদে পদায়নের জন্য বিভাগীয় পরীক্ষার উদ্যোগ নিয়েছে সিএজি।”

“ফলে পদোন্নতি সংক্রান্ত বিভাগীয় পরীক্ষা বাতিল চেয়ে জনস্বার্থে এই রিট আবেদনটি করা হয়েছে,” বলেন আইনজীবী তনয় কুমার সাহা।

উচ্চ আদালতের আদেশের পরও অডিটরদের পদোন্নতি না দিয়ে দ্বিতীয় শ্রেণির পদে পদায়নে বিভাগীয় পরীক্ষার সময় সূচি উল্লেখ করে গত ১৭ এপ্রিল নোটিস দেওয়া হয়। আগামী ৫ মে পরীক্ষার হওয়ার কথা রয়েছে।

রিট আবেদন থেকে জানা গেছে, সিএজি দপ্তরে কর্মরত প্রায় সাড়ে পাঁচ হাজার অডিটর এখনও তৃতীয় শ্রেণির পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। অথচ ১৯৭৩ সালের অডিটর পদের সমান স্কেল-পদমর্যাদার অনেক পদকেই পরবর্তীতে দ্বিতীয় ও প্রথম শ্রেণিতে উন্নীত করা হয়েছে।

কিন্তু সিএজি ও সিজিএ’র অডিটররা এখনও তৃতীয় শ্রেণির কর্মকর্তার পদমর্যাদা ও সুযোগ-সুবিধা পাচ্ছেন। তাই ২০০০ সালের পর থেকেই অডিটরদের তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করতে সিএজির কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে।

২০১২ সালে বিষয়টি আমলে নেয় অর্থ মন্ত্রণালয়। বিদ্যমান বৈষম্য দূর করতে সিএজির সুপারিশের পরিপ্রেক্ষিতে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটিও গঠন করে অর্থ মন্ত্রণালয়। পর্যালোচনা শেষে ২০১৩ সালের ৩ নভেম্বর সিএজির দুই হাজার ৮৪৬ জন ও সিজিএর ৮৯২ জন অডিটরকে তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার সুপারিশ করে ওই কমিটি।

২০১৩ সালের শেষদিকে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে সুপারিশ পাঠায় অর্থ মন্ত্রণালয়। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় সে সুপারিশ আমলে নেয়নি।

এদিকে অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ উপেক্ষিত হওয়ার পর ২০১৫ সালে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা উচ্চ আদালতে রিট করেন। ওই বছরের ৬ ও ১০ ডিসেম্বর শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের যৌথ বেঞ্চ ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি অডিটরদের স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার পাশাপাশি বেতন স্কেল হালনাগাদ করার নির্দেশ দেয়। উচ্চ আদালতের এ নির্দেশনা প্রায় এক বছরেও পরিপালন হয়নি।

পরবর্তীতে হাই কোর্টের এ রায়ের বিরুদ্ধে চলতি বছরের ১৯ মার্চ লিভ টু আপিল করে সংস্থাটি। নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করা এবং এ বিষয়ে সিএজির দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ আপিল আবেদন নাকচ করে দেয়।

ফলে অডিটরদের পদোন্নতির বিষয়ে উচ্চ আদালতের দেওয়া আদেশ এখনও বহাল।