২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতা শামীম হত্যাচেষ্টা মামলা চলবে

হাই কোর্টের আদেশ আপিল বিভাগের চেম্বার বিচারপতি স্থগিত করায় আওয়ামী লীগ নেতা এনামুল হক শামীমকে হত্যাচেষ্টার অভিযোগে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির চেয়ারম্যান এম এ হান্নান ফিরোজের বিরুদ্ধে মামলাটি চলার বাধা কাটল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2017, 07:58 PM

Updated : 19 Aug 2022, 04:30 PM

এই মামলাটির কার্যক্রমের উপর হাই কোর্ট স্থগিতাদেশ দিয়েছিল। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তা স্থগিত করেন।

ফলে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হান্নান ফিরোজের বিরুদ্ধে মামলাটির কার্যক্রম চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ। হান্নান ফিরোজের পক্ষে ছিলেন শ ম রেজাউল করিম।

মাসুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে মামলাটি আবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় আসবে।

“তবে চেম্বার আদালত হাই কোর্টের আদেশ স্থগিত করায় বিচারিক আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া চলতে আপাতত কোনো বাধা নেই।”

২০১৪ সালের ১৯ জুন ধানমন্ডির বাসা থেকে বের হয়ে নিজের অফিসে যাওয়ার পথে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে মোটর সাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত গাড়িতে বসা শামীমকে লক্ষ্য করে গুলি চালায়। তাতে আহত হন তিনি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠটিক সম্পাদক শামীম ছাত্রলীগের সাবেক সভাপতি।

হামলার পরদিন রাতে ধানমন্ডি থানায় মামলা করেন তার চাচা নাসির উদ্দিন। তাতে অজ্ঞাত পরিচয়ের তিনজনকে আসামি করা হয়।

পরে এই মামলার আসামি হিসেবে রাজধানীর পল্টনের প্রীতম হোটেলের সামনে থেকে রানা, শেরে বাংলা নগর থেকে মিঠু এবং নিউ ইস্কাটন থেকে নূরে আলমকে গ্রেপ্তার করা হয়।

ওই আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হান্নান ফিরোজকে গ্রেপ্তার করা হয়।

নিম্ন আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে থাকা অবস্থায় হান্নান ফিরোজ হাই কোর্টে যান।

ফিরোজের আবেদনে গত ১৩ এপ্রিল হাই কোর্ট তার বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করে। পাশাপাশি মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে।

হাই কোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার সেই আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত হাই কোর্টের আদেশটি স্থগিত করে দেয়।