অধ্যাপক রিয়াজুলের বরখাস্তের আদেশ স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রিয়াজুল হককে বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।
রোববার তার রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এই আদেশ দেয়।
একইসঙ্গে কোনো কারণ উল্লেখ ছাড়াই তাকে বরখাস্তের আদেশ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছে।
চার সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য (শিক্ষা), উপ উপাচার্য (প্রশাসন) রেজিস্ট্রার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যানকে এ রুলের জবাব দিতে হবে।
গত ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় অধ্যাপক রিয়াজুলকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়। তখন সাংবাদিকদের জানানো হয়ে ছিল, তার বিরুদ্ধে পাঠদানের সময় ‘অশ্লীল’ তথ্য ব্যবহারের অভিযোগ এসেছিল বিভাগ থেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন
রিয়াজুল হকের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, সিন্ডিকেটে বরখাস্তের সিদ্ধান্তটি গত ৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এক চিঠিতে এই অধ্যাপককে জানিয়েছিলেন। কিন্তু চিঠিতে বরখাস্তের কোনো কারণ উল্লেখ করেননি।
এর বৈধতা চ্যালেঞ্জ করে গত বৃহস্পতিবার রিয়াজুল হক হাই কোর্টে রিট আবেদন করেছিলেন।
রিয়াজুল হককে বরখাস্তের এই সিদ্ধান্তের প্রতিবাদ এসেছে তার সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্য থেকেও। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
