২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউক কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সহকারী অথরাইজড অফিসার মো. আলী আজম মিঞার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2017, 04:33 PM

Updated : 19 Aug 2022, 04:14 PM

মঙ্গলবার এ অনুমোদন দেওয়া হয় বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আলী আজম মিঞা দুই কোটি ২২ লাখ ৯৭ হাজার ৪৫৮ টাকার সম্পদ রয়েছে বলে দুদকের কাছে দেওয়া তার সম্পদ বিবরণীতে উল্লেখ করেছেন।

“কিন্তু এর মধ্যে এক কোটি ৪৭ লাখ ৮৫ হাজার ২০২ টাকার সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত বা অবৈধ সম্পদ বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে।”

এছাড়া রাজউকের এই কর্মকর্তা কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীর বাইরে ৫৬ লাখ ৮৭ হাজার ১১০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে জানান দুদক কর্মকর্তা প্রণব।

দুদকের উপ-পরিচালক রাহিলা খাতুন ওই অভিযোগ অনুসন্ধান করেন জানিয়ে তিনি বলেন, এসব অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক।