মামলা অনুমোদনে দেরির ব্যাখ্যা দিতে হবে স্বরাষ্ট্র সচিবকে
সন্ত্রাস দমন আইনের একটি মামলা চার বছরেও অনুমোদন না দেওয়ায় স্বরাষ্ট্র সচিবের ব্যাখ্যা চেয়েছে হাই কোর্ট।
আগামী তিন সপ্তাহের মধ্যে তাকে আদালতে এই ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।
এ সংক্রান্ত এক মামলা বাতিলের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
এছাড়া সন্ত্রাস দমন আইনের মামলায় অনুমোদন না দেওয়াকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও দিয়েছে আদালত।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সদস্য ফারজিল হোসেনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়। পরে মামলাটি বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেন ওই আসামি।
ওই আবেদনের শুনানি নিয়ে হাই কোর্ট রুল জারি করে। আদালতে রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ উপস্থিত ছিলেন।
ইউসুফ মোর্শেদ সাংবাদিকদের বলেন, চার বছর ধরে মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন না পাওয়ায় মামলার বিচারের জন্য প্রস্তুত হচ্ছে না। ফলে আদালত এ বিষয়ে স্বরাষ্ট্র সচিবের ব্যাখ্যা তলব করেছে।
