নানা রঙের ফুলের মেলা
নানা জাতের গোলাপ, অর্কিডের পাশাপাশি রজনীগন্ধা, গাঁদা, গ্লাডিওলাস, জার্ভারাসহ নানা রঙ আর সৌরভের ফুল নিয়ে বাংলা একাডেমিতে শুরু হয়েছে ‘বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট’।
ইনোভেশন অ্যান্ড ইনকিউভেশন সেন্টার ফর এন্টারপ্রাইজ (আইআইসিই) ও বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির (বিএফএস) আয়োজনে এই মেলা শুরু হয় বৃহস্পতিবার সকালে। বিকালে হয় আনুষ্ঠানিক উদ্বোধন।
উৎসবে পাতামেলন, মেরান্ডি, সাম্বা, রাম্বা, তাজমহল, ডাবল ডিলাইট- গোলাপের রয়েছে নানা জাত। অর্কিডের আছে মুকারা, গেন্ডরিয়াম, লিটল স্টার ও ভেন্ডা প্রজাতি।
দ্বিতীয়বারের মতো আয়োজিত এ উৎসবের সহযোগিতায় রয়েছে ইউএসএআইডি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি ও দেশি ফুল ডটকম।
মেলায় নানা ধরনের ফুলের প্রদর্শনীর পাশাপাশি ছিল ফুল বিষয়ক আলোচনা, ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলায় দর্শনার্থীদের জন্য প্রতিদিন বিভিন্ন প্রতিযোগিতা থাকছে। শিশুদের জন্য প্রতিদিন সকালে থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটির সহযোগিতায় থাকছে ফুল নিয়ে আলোকচিত্র প্রদর্শনী।
আয়োজকরা জানান, ভ্যালেন্টাইনস ডে, ঈদসহ নানা উৎসব ও পার্বণে বেড়ে যায় ফুলের চাহিদা। এই মৌসুমগুলোতে রাজধানী ঢাকায় বিক্রি হয় ১৫ থেকে ২০ কোটি টাকার ফুল।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক এফ এম জামাল উদ্দিন জানান, থাইল্যান্ড থেকে আসা ইউস্টোমা বা লিসিয়েন্সাস ফুলের চাহিদা বাড়ছে ক্রমশ। স্থানীয় বাজারে এর নাম নন্দিনী।
“শুধু বীজ থেকে এর চারা উৎপাদন করতে হয় আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে। চারা লাগানোর ৬০ দিনের মাথায় ফুল ফুটতে শুরু করে। বাংলাদেশের যে কোনো অঞ্চলে এই ফুলের চাষ সম্ভব। দেশের বাজারের চাহিদা মিটিয়ে নন্দিনী ফুল, বীজ ও চারা রপ্তানির সুযোগ রয়েছে।”
নন্দিনী ফুলটি দূর থেকে দেখলে মনে হবে গোলাপ; খাড়া পাতাসহ ডগা দূর থেকে অনেকটা টিউলিপের মতো দেখায়। প্রায় ৪৫টি রঙের এই ফুলটি গাছ থেকে তোলার পর ১৫ দিন পর্যন্ত সজীব থাকে বলে জানান অধ্যাপক জামাল।
১৯৮৩ সালে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে শের আলী মাত্র ৩০ শতক জমিতে বাণিজ্যিকভাবে শুরু করেন ফুল চাষ। গদখালীকে কেউ কেউ বলেন ‘ফুলের রাজধানী’।
শের আলীর মেয়ে লাকিয়া আকতার লাকী জানান, গদখালীসহ যশোরের ৭৫টি গ্রামের পাঁচ হাজারেরও বেশি চাষী এখন ফুল উৎপাদন ও ব্যবসার সঙ্গে জড়িত। এখানকার ফুলের ৪০ শতাংশ ঢাকার খামারবাড়ি পাইকারি বাজারে এবং ৬০ শতাংশ সারা দেশে সরবরাহ করা হয়। সারা দেশের চাহিদার ৭০ শতাংশ ফুল এই অঞ্চলে উৎপাদিত হয়।
লাকী বলেন, তার বাবা শের আলী সরদারের প্রেরণায় বদলে গেছে হতভাগ্য নারীদের জীবন। দারিদ্র্যে ধুঁকতে থাকা পরিবারগুলো এখন স্বচ্ছল।
“একদিন ঘরে খাবার ছিল না। দারিদ্র্য ছিল। বাবার পরামর্শে একদিন আমরা ফুলের চাষ শুরু করি, সেই থেকে আর কখনও ফিরে তাকাতে হয়নি। এখন আমরা ছেলে-মেয়েকে স্কুলে পাঠাতে পারি। পুরো গ্রামের চিত্র এখন বদলে গেছে।”
