২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এভিয়েশন ও অ্যারোস্পেস বিষয়ে হচ্ছে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ থেকে এভিয়েশন ও অ্যারোস্পেস খাতের দক্ষ জনবল তৈরিতে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় তৈরি করতে যাচ্ছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2017, 04:21 PM

Updated : 19 Aug 2022, 04:10 PM

‌বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় নামে এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বল্প সময়ের মধ্যেই শুরু হবে বলে সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, সোমবার বিকালে বাংলাদেশ সচিবালয়ে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন, অবকাঠামো নির্মাণ এবং সিলেবাস প্রণয়ন সংক্রান্ত বিষয় নিয়ে এক জরুরি সভা করেন। 

সভায় জানানো হয়, এভিয়েশন ক্ষেত্রে উচ্চমানের শিক্ষা ও গবেষণার মাধ্যমে সামরিক এবং বেসামরিক মানব সম্পদ উন্নয়নসহ জ্ঞান ভিত্তিক কারিগরি ও অর্থনৈতিক সমাজ গঠন এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য।

সভায় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার বলেন, বিমান বাহিনীতে পিএইচডি, এমফিল এবং এমএস করা প্রচুর সংখ্যক বিদেশে প্রশিক্ষিত যোগ্য কর্মকর্তা রয়েছেন। অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তাই এভিয়েশন ক্ষেত্রে দেশ-বিদেশে প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন।

তাদের সহযেগিতায় আগামী ৩ বছরে এ বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সারসংক্ষেপে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর আশকোনায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সিভিল এভিয়েশন ১২ একর জমি বরাদ্দ দিয়েছে।

২০২৫ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় এবং ২০৩০ সালের মধ্যে এশিয়ার একটি নেতৃস্থানীয় ইউনিভার্সিটি হিসেবে বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস ইউনিভার্সিটিকে গড়ে তোলা হবে।

সভায় বলা হয়, বিশ্বব্যাপী আগামী ২০ বছরে পাঁচ লাখ ৫৮ হাজার পাইলটের চাহিদা এবং ইঞ্জিনিয়ারসহ বিমান কর্মীর চাহিদা ছয় লাখ ৫ হাজার রয়েছে। এজন্য এভিয়েশন ক্ষেত্রে দক্ষ জনবল তৈরি করে বিদেশে পাঠানোর মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে জাতীয় অর্থনীতিতে বলিষ্ঠ অবদান রাখা সম্ভব।

শুরুতে তিনটি ফ্যাকাল্টিতে মোট ১০টি বিভাগ থাকবে। বিভাগগুলোতে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে।

এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ হিসেবে শুরুতেই লন্ডনের মিডল সেক্স ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটি, জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি; যুক্তরাষ্ট্রের জ্যাকসন ভিল ইউনিভার্সিটি এবং মালশিয়ার ইউনিভার্সিটি তুন্ হোসেন ওন্ এর সঙ্গে এডুকেশন এক্সচেঞ্জ ও ক্রেডিট ট্রান্সফারের ব্যবস্থা থাকবে।

সভার শুরুতে এয়ার কমডোর ইয়াজদানী বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

অন্যদের মধ্যে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ার লাইনসের এমডি মোসাদ্দেক আহমেদসহ শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন।