বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে নানা কর্মসূচি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন জাতীয় শিশু দিবস শুক্রবার।
দিবসটি উপলক্ষে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরসঙ্গে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানেরও রয়েছে নানা আয়োজন।
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। কালক্রমে তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ।
বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এর আগে সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উত্তোলন করা হবে জাতীয় ও দলীয় পতাকা।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল, শিশু সমাবেশ, আলোচনা সভা এবং গ্রন্থমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন সময়ের ঐতিহাসিক ছবি। ছবি: আব্দুল মান্নান
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
জন্মদিনে বঙ্গবন্ধুর অবদান স্মরণ করে এক বাণীতে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, “বঙ্গবন্ধু আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তার কর্ম ও আদর্শ আমাদের মাঝে বেঁচে থাকবে চিরকাল।”
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা এবং বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা অভিহিত করে তিনি বলেন, “বাঙালির অধিকারের প্রশ্নে তিনি কখনো আপস করেননি।”
রাষ্ট্রপতি বলেন, “অসামান্য অবদানের জন্য আজ দেশের মানুষের কাছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক ও অভিন্ন সত্তায় পরিণত হয়েছে। তিনি নিজ গুণে ও কর্মে সমাজ, দেশ ও সমকালীন বিশ্বে চির ভাস্বর হয়ে আছেন। তিনি কেবল বাঙালির নন, বিশ্বে নিপীড়িত-শোষিত মানুষের স্বাধীনতার প্রতীক, মুক্তির দূত।”
পৃথক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “প্রখর স্মৃতিশক্তির অধিকারী ও দূরদৃষ্টি সম্পন্ন এই বিশ্বনেতার সুদীর্ঘ রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য ছিল বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা।”
সে লক্ষ্যে ১৯৪৮ সাল থেকে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে অংশগ্রহণ থেকে শুরু করে ’৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, ’৫৮-এর আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন, ’৬২-এর শিক্ষা কমিশনবিরোধী আন্দোলন, ’৬৬-এর ছয় দফা, ’৬৮-এর আগরতলা ষড়যন্ত্র মামলা, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন এবং একাত্তরের মুক্তিযুদ্ধে জাতির পিতার অবিসংবাদিত নেতৃত্বের কথা স্মরণ করেন বঙ্গবন্ধুকন্যা।
প্রধানমন্ত্রী বলেন, “জাতির পিতার ঐন্দ্রজালিক নেতৃত্ব এবং সম্মোহনী ব্যক্তিত্ব সমগ্র জাতিকে একসূত্রে গ্রথিত করেছিল। যার ফলে আমরা পেয়েছি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। বিকাশ ঘটেছে বাঙালি জাতিসত্তার। বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতিরই নয়, তিনি ছিলেন বিশ্বের সকল নিপীড়িত-শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায় ও মুক্তির অগ্রনায়ক।”
জাতির জনকের জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় টিএসসি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
একই স্থানে সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের আয়োজনে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা।
দিবস উপলক্ষে সকাল পৌনে ৯টা থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন এবং বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির বটতলায় আয়োজন করা হয়েছে শিশু-কিশোর অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর গল্প শোনো’।
এরপর বিকাল ৪টায় একাডেমির নজরুল মঞ্চে বঙ্গবন্ধুকে নিয়ে একক বক্তৃতা দেবেন সাংবাদিক ও লেখক সৈয়দ বদরুল আহসান। সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকাল ৫টায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে ‘মহাপুরুষের অন্তর্ধান: ছহী শহীদ মুজিবনামা’ শীর্ষক পটের গানের আয়োজন করেছে জাদুঘর কর্তৃপক্ষ।
লোকজ শিল্পরীতিতে পটের গান রচনা ও সুরারোপ করেছেন কবি, লেখক ও গবেষক ড. এনামুল হক। শম্ভু আচার্য এঁকেছেন পটচিত্র।
শুক্রবার সকাল ১০টায় অনুষদের বকুলতলায় উৎসব উদ্বোধনের পর প্রথম পর্বে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ বিষয়ক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকাল ৩টায় আলোচনা অনুষ্ঠিত হবে।
দিবস উপলক্ষে ক্যানভাস আয়োজন করেছে ‘ক্যানভাস আর্ট ফেস্ট-২০১৭’। মিরপুরের পল্লবীর ৩২ নম্বর সড়কে আয়োজিত এই উৎসব শুরু হবে সকাল সাড়ে ৭টায়।
প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংগীত ও শপথ বাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠানমালার সূচনা হবে।
দলগত গান পরিবেশনের পর শুরু হবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এর পাশাপাশি চলতে থাকবে গান ও নাচের আসর। শোয়েব, প্রবর রিপন, সানি, কুয়াশা, কুষ্টিয়া থেকে আগত বাউলরা শোনাবেন দেশের গান। উৎসবে থাকবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী।
সন্ধ্যা ৬টায় উৎসবের মূল অনুষ্ঠানে থাকবে সংগীত পরিবেশনা। উৎসবের মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠানমালার শুরুতে থাকছে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকাল ১১টায় লিয়াকত আলী লাকীর পরিকল্পনা গ্রন্থনা ও নির্দেশনায় নাটক ‘মুজিব মানে মুক্তি’র পরে পরিবেশিত হবে অ্যাক্রোবেটিক প্রদর্শনী। বিকালের পর্বে শিশুতোষ অনুষ্ঠানের পরে প্রদর্শিত হবে শিশুতোষ চলচ্চিত্র ‘দ্য সুজ’, ‘মাটির পাখি,’ ‘মন ফড়িং,’ ‘রক্তজবা’ ও ‘মাধো’।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০টা থেকে স্টার সিনেপ্লেক্সে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ত্রিমাত্রিক ভিডিওচিত্র ‘পিতা’ বিনামূল্যে প্রদর্শন করা হবে।
জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ’৭৫ এর ১৫ অগাস্ট তার সঙ্গে শাহাদতবরণকারী পরিবারের সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে শুক্রবার সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।
টুঙ্গিপাড়ায় এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান স্কুল জীবনেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। কৈশোরে তার রাজনীতির দীক্ষাগুরু ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
গোপালগঞ্জ মিশন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র থাকাকালে তৎকালীন ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগদানের কারণে প্রথমবারের মতো কারাবরণ করেন শেখ মুজিব।
ম্যাট্রিকুলেশন পাসের পর কলকাতায় ইসলামিয়া কলেজে অধ্যয়নকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরে বাংলা এ কে ফজলুল হকসহ তৎকালীন প্রথম সারির রাজনৈতিক নেতাদের সান্নিধ্যে আসেন শেখ মুজিব।
ওই সময় থেকেই নিজেকে ছাত্র-যুবনেতা হিসেবে রাজনীতির অঙ্গনে প্রতিষ্ঠিত করেন, যোগ দেন আওয়ামী মুসলিম লীগে, যা পরে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আওয়ামী লীগ নাম নেয়।
১৯৪৮ সালের ১১ মার্চ বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে সাধারণ ধর্মঘট পালনকালে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। ১৯৪৮ থেকে ১৯৫২ সাল পর্যন্ত তিনি বারবার কারারুদ্ধ হন।
১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন, ১৯৬২ সালে শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনসহ বিভিন্ন জনদাবি আদায়ের আন্দোলনের নেতৃত্বে ছিলেন শেখ মুজিব।
বাঙালির অধিকার আদায়ের আন্দোলনে বারবার কারাগারে যেতে হতে হয়েছে শেখ মুজিবকে। আর আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ তাকে নিয়ে যায় বাঙালির নেতৃত্বে। আওয়ামী লীগপ্রধান হিসেবে ’৬৬-এ ঐতিহাসিক ছয় দফা দাবি উত্থাপন করেন তিনি, যার ফলে ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় কারারুদ্ধ হতে হয় তাকে।
’৬৯-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র-জনতা শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়। ’৭০-এর নির্বাচনে বাঙালি বঙ্গবন্ধুর ছয় দফার পক্ষে অকুণ্ঠ সমর্থন জানায়। আওয়ামী লীগ পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের ম্যান্ডেট লাভ করে। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির এ নির্বাচনী বিজয়কে মেনে নেয়নি।
এরপর বঙ্গবন্ধু স্বায়ত্তশাসনের আন্দোলনকে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে প্রথমে স্বাধিকার আন্দোলনে রূপ দেন। ’৭১-এর মার্চে শুরু করেন অসহযোগ আন্দোলন।
৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) জনসমুদ্রে তার ঘোষণা ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বাঙালিকে স্বাধীনতা আন্দোলনের পথে ধাবিত করে।
’৭১-এর ২৫ মার্চ পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর আক্রমণ শুরু করার পর সে রাতেই বন্দি হন শেখ মুজিব। তবে তার আগে ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দিয়ে যান তিনি।
মুক্তিযুদ্ধের পুরোটা সময় বঙ্গবন্ধু পাকিস্তানে কারা অন্তরীণ থাকলেও তার নামেই যুদ্ধ করে দেশ স্বাধীন করে বাঙালি। মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতিও ছিলেন তিনি।
অন্যদিকে স্বাধীনতা ঘোষণা ও বিদ্রোহের অভিযোগ এনে তৎকালীন পশ্চিম পাকিস্তানে গোপন বিচারের নামে প্রহসন শুরু হয় বঙ্গবন্ধুর বিরুদ্ধে।
নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ এর ১৬ ডিসেম্বর বিজয় আসে। এরপর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান বঙ্গবন্ধু। ’৭২-এর ১০ জানুয়ারি স্বাধীন ভূমিতে পা রাখেন তিনি।
সদ্য স্বাধীন রাষ্ট্রের দায়িত্বভার নিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন ও পুনর্বাসনের কাজে আত্মনিয়োগ করেছিলেন বঙ্গবন্ধু।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু জাতির অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে জাতীয় কর্মসূচি ঘোষণা করেন, গঠন করেন বাকশাল; যার ফলে দেশে অন্য সব রাজনৈতিক দল নিষিদ্ধ হয়, চারটি সংবাদপত্র ছাড়া অন্য সব সংবাদপত্রও বন্ধ করে দেওয়া হয়।
তার কিছু দিনের মধ্যে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট এক দল সেনা কর্মকর্তার হাতে নিজ বাসভবনে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু।
