গুলশান হামলার ‘অস্ত্র সরবরাহকারী’ ‘বড় মিজান’ ফের রিমান্ডে
গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ওই হামলার ‘অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী’ নব্য জেএমবির মিজানুর রহমান ওরফে বড় মিজানকে জিজ্ঞসাবাদের জন্য সাতদিনের হেফাজতে পেয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম মঙ্গলবার তাকে রিমান্ডে পাঠানোর এ আদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির।
এর আগে পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজত চান।
শুনানি শেষে বিচারক চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী শিবগঞ্জ এলাকায় জেএমবির ‘প্রধান দায়িত্বশীল’ মিজানকে সাত দিনের হেফাজতে পাঠানোর অনুমতি দেন।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি রাতে ঢাকার বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তারের পর গত ৫ মার্চে দারুস সালাম থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে পায় পুলিশ।
পুলিশ বলছে, মিজান আগে জুনুদ আল তাওহীদ নামে একটি জঙ্গি সংগঠনের প্রধান সামরিক কমান্ডার ছিলেন। পরে তামিম চৌধুরীর মাধ্যমে তিনি নব্য জেএমবিতে যোগ দেন এবং চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী শিবগঞ্জ এলাকায় অস্ত্র চোরাচালানের একটি চক্র গড়ে তোলেন। নব্য জেএমবির প্রায় সকল অস্ত্র, ডেটোনেটর ও জেল ওই চক্রই সরবরাহ করে আসছিল।
মিজানকে গ্রেপ্তারের পর পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. ছানোয়ার হোসেন বলেছিলেন, হলি আর্টিজান হামলায় ব্যবহার করা অস্ত্র ও গোলাবারুদ মিজানই সরবরাহ করেন। পরে সেগুলো বসুন্ধরায় তানভীর কাদেরীর বাসায় তামিম চৌধুরীর কাছে পৌঁছানো হয়।
গত বছরের ১ জুলাই রাতে অস্ত্র-বিস্ফোরক নিয়ে কূটনীতিকপাড়া গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় নব্য জেএমবির জঙ্গিরা। তাদের ঠেকাতে নিয়ে বেকারি থেকে ছোড়া গ্রেনেডে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন।
পরদিন ভোরে কমান্ডো অভিযান শেষে বেকারির ভেতর থেকে ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনের লাশ উদ্ধার করা হয়। অভিযানে নিহত হন হলি আর্টিজানের পাচক সাইফুল ইসলাম ও পাঁচ জঙ্গি। উদ্ধার করা হয় একটি একে-২২ রাইফেল ও বিস্ফোরকসহ বেশকিছু দেশীয় অস্ত্র।
এ হামলায় ব্যবহৃত গ্রেনেড তৈরির কাঁচামাল ও অস্ত্র সরবরাহের অভিযোগে এর আগে গত ৩ নভেম্বর জেএমবির চার সদস্যকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।
