২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বল্পমূল্যে নাক-কান-গলার চিকিৎসা দিতে সরকারের সাহায্য কামনা

স্বল্পমূল্যে বা বিনামূল্যে নাক-কান-গলার চিকিৎসা বিস্তারে সরকারের কাছে জমি ও ভবন নির্মাণসহ চিকিৎসা উপকরণ সহায়তা চাইল ইএনটি অ্যান্ড হেড-নেক ক্যান্সার ফাউন্ডেশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2017, 09:26 PM

Updated : 11 Oct 2022, 01:36 PM

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইএনটি অ্যান্ড হেড-নেক ক্যান্সার হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি একেএ মুবিন বলেন, “সরকারের নানা সহায়তা আমরা পাচ্ছি। এই সহায়তার কারণেই আমরা বিনামূল্যে বা স্বল্পমূল্যে মানুষের নাক-কান-গলার চিকিৎসা দিতে পারছি। রাজধানীতে আরেকটি নাক-কান-গলার হাসপাতাল থাকলেও মোটামুটি আমরাই এই চিকিৎসার কেন্দ্রে রয়েছি।

“আমরা এখানে যেমন চিকিৎসা দিচ্ছি, তেমনি ঢাকার বাইরে চিকিৎসা ক্যাম্প করছি। বাংলাদেশে এই চিকিৎসা যতটা প্রয়োজন, তার তুলনায় আমাদের সামর্থ্য সীমিত।”

তিনি বলেন, “বর্তমান ভবনটি যেমন বর্ধিত করা প্রয়োজন, তেমনি আমাদের আরও কিছু জমিও প্রয়োজন। বাংলাদেশে লাখ লাখ মানুষের এই চিকিৎসা দরকার। সামর্থ্য বাড়লে আমরা কিছুটা হলেও সেই চাহিদা পূরণ করতে পারব।”

 

অনুষ্ঠানে এসে হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন নিয়ে স্মৃতিচারণ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, “তখন আমাকে বলা হলো, আমরা একটা জমির বরাদ্দ পেয়েছি। এরপর ২০০৯ সালে আমরা ক্ষমতায় আসলে এখানে এই ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করি। এতদিনের মধ্যে ১৬-১৭ সাল পর্য্ন্ত ৮ বছর চলে গেছে। এর মাঝে এই প্রতিষ্ঠান সম্পর্কে কোনো কিছু শুনি নাই। কোনো দাবি-দাওয়া আবেদনও পাই নাই।

“যেটার ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলাম, একটা খোলা এলাকায় মাঠ একটা, তখন রাস্তাঘাটও ভাল ছিল না। তারা বিশেষ উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করেছে। এসে দেখি, ও মাই গুডনেস। এটাতো মহিরূহ হয়ে গেছে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারতের চেন্নাইয়ের ইএনটি রিসার্চ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য শল্যবিদ অধ্যাপক মোহন কামেশ্বরান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুয়িদ চৌধুরী, ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক জাহানারা আলাউদ্দিন প্রমুখ।

এই ফাউন্ডেশনের অধীনেই অলাভজনক ও বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ইএনটি অ্যান্ড হেড-নেক ক্যান্সার হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট পরিচালিত হচ্ছে। ২০০৪ সালে অধ্যাপক এম আলাউদ্দিন এটি প্রতিষ্ঠা করেন। তার নামে অধ্যাপক আলাউদ্দিন সার্জিকাল স্কিল ল্যাব’র উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাসপাতালের আয়, সরকারি-বেসরকারি ও ব্যক্তি পর্যায়ের অনুদানে পরিচালিত এই হাসপাতালে রোগীদেরকে বিনামূল্যে বা স্বল্পমূল্যে নাক-কান-গলা ও হেড-নেক সংক্রান্ত চিকিৎসা সেবা দেওয়া হয় বলে অনুষ্ঠান উপলক্ষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।