হকার পুনর্বাসনে জাতীয় নীতিমালা সংগ্রাম পরিষদের
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উচ্ছেদের মধ্যে হকারদের পুনর্বাসনসহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে একটি খসড়া জাতীয় নীতিমালা তৈরি করেছে ‘বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ’ নামের একটি সংগঠন।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কর্নেল তাহের মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে খসড়া নীতিমালাটি তুলে ধরেন সংগঠনের সদস্য সচিব সেকেন্দার হায়াৎ।
‘হকার, পথবিক্রেতা ও ফুটপাত ব্যবসায়িদের স্বার্থ সুরক্ষা, নিয়ন্ত্রণ ও পুনর্বাসনে জাতীয় নীতিমালা’ প্রণয়নের প্রস্তাবনা সম্পর্কে তিনি বলেন, “হকাররা আত্মকর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকারত্ব ও দারিদ্র দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা দেশের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের প্রসারে ভূমিকা রাখছে। তাদের কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে।”
উচ্ছেদে কোনো স্থায়ী সমাধান আসবে না উল্লেখ করে তিনি বলেন, “হকার সংগঠনগুলো এক হয়ে এই সমস্যার স্থায়ী ও টেকসই সমাধানের জন্য হকার ও ফুটপাত ব্যবসায়ীদের অধিকার, মর্যাদা ও কল্যাণে জাতীয় নীতিমালা প্রণয়নের দাবি জানাচ্ছে।”
সব ধরনের হকার নিয়ে জরিপ করে এই পেশাকে আইনী স্বীকৃতি দেওয়ার দাবি তুলে ধরা হয়েছে খসড়া নীতিমালায়।
এতে হকারদের অপসারণ, পুনর্বাসন ও ক্ষতিপূরণ দিতে একটি বোর্ড গঠন, ফুটপাতের অংশ বিশেষ ব্যবহার, বহুতল ভবন নির্মাণ করে পুনর্বাসন, তাদের মালামালের সুরক্ষা, হলি-ডে মার্কেট, সরকারঘোষিত স্থানে ব্যবসার বিষয় তুলে ধরা হয়।
এছাড়া হকারদের কাছ থেকে রাজস্ব আদায় ও সেবা প্রদান, রাষ্ট্রীয় পুঁজি গঠন, পেনশন-বীমা, সামাজিক নিরাপত্ত, নারী-কিশোর ও প্রতিবন্ধীদের বিশেষ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, নাগরিক সেবা, মনিটরিংয়ের ব্যবস্থা, চাঁদাবাজি ও হয়রানি বন্ধ, সংগঠিত হওয়া ও সভা-সমাবেশ করার সুযোগ নেওয়ার বিষয়গুলোও এতে রয়েছে।
সংগঠনের আহ্বায়ক ও শ্রমিক নেতা আবুল হোসেনের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, বিলস’র নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নেতা নাঈমুল হাসান জুয়েল।
