জাহাজবাড়ির মামলায় ফের রিমান্ডে জেএমবির ‘আধ্যাত্মিক নেতা’
কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেএমবির ‘আধ্যাত্মিক নেতা’ মাওলানা আবুল কাশেম ওরফে মুফতি আবুল কাশেমকে ফের পাঁচদিনের হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
পুলিশ ১০ দিনের হেফাজতের আবেদন করলে শনিবার মহানগর হাকিম ওয়ায়েস কুরুনী খান চৌধুরী পাঁচদিনের অনুমতি দেন।
আদালতে আবুল কাশেমের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি বলে সংশ্লিষ্ট আদালতের পুলিশের এসআই আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এর আগে গত ৩ মার্চ মুফতি কাশেমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছিল ঢাকার মহানগর হাকিম সত্যব্রত।
গত ২ মার্চ রাতে রাজধানীর সেনপাড়া পর্বতা থেকে কাশেমকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
ওই সময় এ ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, ২০১৩ সালে তামিম চৌধুরী ও মাওলানা আবুল কাশেমের যৌথ প্রয়াসে বাংলাদেশে নব্য-জেএমবির জঙ্গিবাদি কার্যক্রমের সূচনা হয়। সংগঠনের কর্মী সমর্থকরা কাশেমকে ডাকতেন ‘বড় হুজুর’ নামে।
গতবছর ২৬ জুলাই কল্যাণপুরে জাহাজবাড়ি নামে পরিচিত এক ভবনে পুলিশের অভিযানে সন্দেহভাজন নয় জঙ্গি নিহত হয়। ওই ঘটনার পর পুলিশ মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা দায়ের করে।
