হোসাইনী দালানে বোমা হামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে
আদালত চলার সময় বিচারক অসুস্থ হয়ে পড়ায় হোসাইনী দালান বোমা হামকলার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেছে।
সন্ত্রাস বিরোধী আইনের এ মামলায় সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা শুনানির জন্য আগামি ১৩ এপ্রিল দিন ঠিক করে দেন বলে জানান আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস পাল।
গত বছরের ১৯ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলায় সমস্ত তদন্ত বিষয়ক, অনুমোদন বিষয়ক আনুষ্ঠানিকতা শেষে ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা পড়ে।
আসামিদের মধ্যে চারজন জামিনে এবং ছয়জন কারাগারে রয়েছেন বলে মামলার নথিপত্র সূত্রে জানা যায়।
কারাগারে থাকা আসামিরা হলেন- মাসুদ রানা সুমন, মো. কবীর হোসাইন রাশেদ, আবু সাঈদ সালমান, মো. আরমান মনির, জাহিদ হাসান রানা, রুবেল ইসলাম সুমন।
আর জামিনে থাকা আসামিরা হলেন- চান মিয়া, ওমর ফারুক মানিক, হাফেজ আহসান উল্লাহ মাহমুদ ও শাহজালাল মিয়া।
এ মামলায় অভিযোগপত্রে সরকারের অনুমোদন মেলে গত বছরের ২৯ জুনে। আর অভিযোগপত্র তৈরি হয় একই বছরের ২১ এপ্রিল।
তদন্ত কর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মোহা. শফিউদ্দিন শেখ এ অভিযোগপত্র দেন।
গত ৯ ফেব্রুয়ারি একই বিচারক অভিযোগপত্র আমলে নিয়েছিলেন।
২০১৫ সালের ২৩ অক্টোবর গভীর রাতে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসেনি দালানে বোমা হামলা হয়। এতে দুজন নিহত ও শতাধিক লোক আহত হন।
