২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিয়ম অনুসন্ধানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে দুদক

মাদকদ্রব্য আমদানি ও রপ্তানির ছাড়পত্র, কেনা-বেচার লাইসেন্স প্রদান, সরকারি অর্থের অপচয়, হিসাব-নিকাশসহ সংশ্লিষ্ট বিষয়ে কোনো অনিয়ম ও দুর্নীতি হচ্ছে কি-না তা অনুসন্ধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2017, 06:37 PM

Updated : 19 Aug 2022, 03:56 PM

দুদকের পরিচালক মো. বেলাল হোসেনের নেতৃত্বে একটি দল প্রাতিষ্ঠানিক দুর্নীতি অনুসন্ধানের অংশ হিসেবে তথ্য সংগ্রহে সোমবার অধিদপ্তরে যান বলে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাতিষ্ঠানিক দুর্নীতি অনুসন্ধানে দুদকের বেশ কিছু টিম রয়েছে, এসব টিম প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত করে থাকে। সোমবার ওই টিম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্ভাব্য দুর্নীতি অনুসন্ধানে পরিদর্শন করেছেন।  প্রায় দুই ঘণ্টা তারা সেখানে অবস্থান করেন।”

বেলাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের দলে ছিলেন দুদকের উপ-পরিচালক আহমারুজ্জামান ও সহকারি পরিচালক মামুন উর-রশিদ চৌধুরী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান,  অতিরিক্ত মহাপরিচালক পরিমল কুমার দে, পরিচালক (অপারেশন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ, পরিচালক (প্রশাসন) মো. আতাহার আলীসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দুদক দল।