২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিলোনিয়া যুদ্ধের মডেল মুক্তিযুদ্ধ জাদুঘরে

একাত্তর সালে ফেনীর বিলোনিয়ায় ইস্ট পাকিস্তান রেজিমেন্টের অকুতোভয় মুক্তি সেনাদের নানা অভিযানের সাক্ষ্য স্যান্ড মডেলটি ঠাঁই পাবে নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনীতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2017, 07:09 PM

Updated : 11 Oct 2022, 01:33 PM

রোববার সকালে এক অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মুক্তিযুদ্ধের এই নিদর্শনটি তুলে দেওয়া হয় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টিদের হাতে।

সেনাবাহিনী প্রধান জেনারেল আবুল বেলাল মোহাম্মদ শফিউল হকের হাত থেকে মুক্তিযুদ্ধের স্মারক চিহ্নটি গ্রহণ করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মন্ত্রী নিজেও এই জাদুঘরের ট্রাস্টি।

২০১৬ সালের ২৫ জুলাই মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ বিলোনিয়া যু্দ্ধের মডেল তৈরির জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে সহযোগিতা চায়। এই মডেল তৈরি  করার জন্য সঠিক তথ্য সংগ্রহ করতে মুক্তিযুদ্ধ জাদুঘরের বিভিন্ন বই, উপাত্তও ব্যবহৃত হয়েছে। পরে সেনাবাহিনী ২০১৬ সালের ১০ ডিসেম্বর এই মডেল তৈরির কাজ শেষ করে।

অনুষ্ঠানের শুরুতে বিলোনিয়া যুদ্ধে নেতৃত্বদানকারী বীরবিক্রম কর্নেল (অব) জাফর ইমাম শুরুতে শোনালেন সেই যুদ্ধের গল্প। এই যুদ্ধে অংশ নিয়েছিলেন ইস্ট পাকিস্তান রেজিমেন্টের সদস্যরা। পরে তাদের সঙ্গে যোগ দেয় ভারতীয় মিত্রবাহিনীর সদস্যরা।

পাকিস্তান থেকে সমুদ্রপথে ট্যাঙ্ক, মাইনের মতো আধুনিক সব সমরাস্ত্র ঢুকবে বাংলাদেশে। ফেনীতে যুদ্ধরত অকুতোভয় সেনাদলের উপর দায়িত্ব পড়ল সমরাস্ত্রবাহী গাড়িগুলোর পথ রুখে দিতে হবে। শুরু হল প্রচণ্ড যুদ্ধ। পাকবাহিনী পেরে না উঠে যুদ্ধবিমান থেকে ছুঁড়ল বোমা। তাতেও কী দমে যায় সেনারা! রণকৌশল বদলে নিয়ে তারা ভূপাতিত করল সেই যুদ্ধবিমান। প্রাণ যায় অনেক মুক্তি সেনার। পরে ১০ নভেম্বর আসে কাঙ্ক্ষিত বিজয়। এক অফিসারসহ ৭২ পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে।

জাফর ইমাম বলেন, “ভৌগোলিক দিক থেকে বিলোনিয়া যুদ্ধটি বেশ কঠিন এক যুদ্ধ ছিল। রণকৌশলের দিক থেকে এই যুদ্ধটি ছিল বেশ দুরূহ। আর পাকসেনারা কিন্তু মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেনি। তারা করেছিল বাংলাদেশ সেনাবাহিনীর কাছে।”

মডেল হস্তান্তরের পর সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বলেন, “মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে বিলোনিয়া যুদ্ধের অসামান্য সাফল্যগাঁথা একটি অসামান্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে আছে।

“এই ইতিহাস নতুন প্রজন্মকে আলোকিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। একইসঙ্গে সামরিক বাহিনীর রণকৌশল নির্ধারণেও এই যুদ্ধের ইতিহাস অবশ্য পাঠ্য।”

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “বিলোনিয়া যুদ্ধের এই মডেলটি দেখে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধের গৌরবজ্জ্বল ইতিহাসকে জানতে পারবে। পৃথিবীর ইতিহাসে কটি দেশ আছে যে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আমরা সেদিক থেকে তো গর্ব করতেই পারি।”

মুক্তিযুদ্ধকে বিশ্ব ইতিহাসের ‘এক অনন্য জনযুদ্ধ’ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধের প্রতিটি অধ্যায় নিয়ে অসাধারণ সব উপন্যাস লেখা যেতে পারে, নির্মিত হতে পারে চলচ্চিত্র। দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের কাহিনিগুলো লিপিবদ্ধ ও সংরক্ষণ করতে হবে।

“মুক্তিযুদ্ধের গর্বিত উত্তরাধিকার এই নতুন প্রজন্ম। তারা যেন এই ইতিহাসকে ধারণ করতে পারে, সেজন্য সব বাধা অপসারণ করতে হবে। ধর্মান্ধ ও উগ্র মৌলবাদী গোষ্ঠী নানাভাবে মাথাচাড়া দিয়ে উঠছে। আমাদের সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক এবং সারওয়ার আলী।