সফলতার মূলে ক্যারেক্টার: অমিত চাকমা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তন বক্তা কানাডার ওয়েস্টার্ন অন্টারিও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক অমিত চাকমার মতে, জীবনে সফলতার জন্য ‘ক্যারেক্টারই’ আসল।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে এই সমাবর্তনেতিনি বলেন, শিক্ষা শুধু শাস্ত্রের জ্ঞান অর্জন নয়, জ্ঞানের মাধ্যমে মনের জানালা খুলে দেওয়া।
নিজের জীবন অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের সফলতার জন্য ‘ক্যারেক্টার’ এর দিকে নজর দেওয়ার পরামর্শ দেন অমিত চাকমা।
তিনি বলেন, “আমি আপনাদের মতো মেধাবী না হলেও মনোযোগ সহকারে পড়াশুনা করেছি, উচ্চ শিক্ষা অর্জন করেছি। আমার অনেক মেধাবী ও টপ অর্ডার সহপাঠীরাও তাই করেছেন। কিন্তু সবার কর্মজীবনের সফলতা এক হয়নি। কী কারণে এই ব্যবধানটা এরকোনো নির্দিষ্ট উত্তর নেই। তবুও আমার নিজের অভিজ্ঞতা এবং সফল ব্যক্তিদের নিয়ে আমার বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা থেকে পাওয়া কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরছি।
তিনি বলেন, “যারা নেতৃত্বের পদ অলঙ্কিত করে তাদের সবার মধ্যে যোগ্যতা ও কর্মনিষ্ঠা থাকে।লোক বিশেষে এই দুটোর ব্যবধান খুব একটা হয় না। ক্যারেক্টার এমন একটি বিশেষ গুণ, ব্যক্তি হিসেবে তার অনেক ব্যবধান থাকে। আর এই ক্যারেক্টারের মাধ্যমে আপনারা আপনাদের স্বকীয় গুণ প্রতিষ্ঠা করতে পারবেন। আমার মূল উদ্দেশ্য হল- ক্যারেক্টারের উপর আপনাদের সচেতন হতে হবে।”
‘শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া’ স্মরণ করিয়ে দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে অমিত চাকমা বলেন, “আপনারা অনেক বিষয়ে পড়াশুনা করেছেন, কিন্তু শিক্ষা শুধু শাস্ত্রের জ্ঞান অর্জন করা নয়।শিক্ষার মূল উদ্দেশ্য হল-জ্ঞানের মাধ্যমে মনের জানালা খুলে দেওয়া, মনকে বিকশিত, আরও উন্মুক্ত করা।শিক্ষার আলো দিয়ে অজ্ঞানতাকে মুছে দিয়ে জ্ঞানের আলোকে উন্মোচিত করা।”
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অমিত।
তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোটো হল-শিক্ষাই আলো। শিক্ষার জন্য আলো । এই আলো ছাড়া আর কোনো মেটাফোর হয় না।
“মার্কিন যুক্তরাষ্ট্রের জনক ও স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা টমাস জেফারসন বলেছিলেন, কেউ যদি আমার মোমবাতির দীপশিখা থেকে নিজের মোমবাতির দীপ জ্বালায়, তা যেমন আমার বাতির আলো কমে না, তেমনি আমার কাছ থেকে জ্ঞান ধারণ করলে এতে আমার জ্ঞান ম্লান হয় না।”
“তাই জ্ঞান একটি মোমবাতির আলোরই মত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞানের মোমবাতির সমতুল্য।”
