২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের অপাঙক্তেয় ভাববেন না: নারীদের প্রতি প্রধানমন্ত্রী

নিজেদের অপাঙক্তেয় না ভেবে দেশের জন্য কাজ করতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2017, 05:53 PM

Updated : 11 Oct 2022, 01:33 PM

শনিবার ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

সহযোগী সংগঠনটির বগুড়ায় চিকিৎসকদের শাস্তির প্রতিবাদে নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, “নিজেদেরকে ততটা অপাঙক্তেয় ভাবা যাবে না। প্রত্যেকটা মানুষেরই কর্মদক্ষতা আছে। যার যেটুকু তা, দেশের কাজে লাগাতে হবে।”

নারীদের জঙ্গিবাদে জড়িত হওয়ায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “মেয়েরা মায়ের জাত। মানুষ খুন, হত্যা করে কিভাবে তারা ইসলাম ধর্ম পালন করছে, আমি জানি না।”

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মা’দের আরও সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

“একটা কথা মা-বোনদের বলে থাকি, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান বাংলাদেশে নাই। মাদকাসক্তির হাত থেকে সন্তানদের রক্ষা করতে হবে। এজন্য, মা’দের সচেতন থাকতে হবে। এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আর, ছেলেমেয়েরা যেন লেখাপড়া শেখে, মানুষের মতো মানুষ হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে।”

“কর্মী বোনদের বলব, ছেলেমেয়েরা কোথায় যায়, কী করে, কার সাথে মেশে, পড়াশোনা ঠিকমতো করছে কি না, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে কি না.. তা দেখতে হবে।”

মায়ের সঙ্গে সন্তানদের সম্পর্ক বন্ধুর মতো হতে হবে বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “জঙ্গিবাদ ও মাদকাসক্তি থেকে সন্তানকে রক্ষা করতে হবে।

“বাচ্চাদের আস্থা-ভরসার স্থল যেন বাবা-মা হয়। পরামর্শ যেন বন্ধুর সাথে না, বাবা-মা’র সঙ্গে করে।”

সন্তানদের মেধা বিকাশের সুযোগ করে দিতে অভিভাবকদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। অভিভাবকদের অর্থের পেছনে না ছুটতেও বলেন তিনি।

সকাল ১১টায় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উড়িয়ে এবং কবুতর উড়িয়ে মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উদ্বোধন করেন। ২০০৩ সালের ১২ জুলাই আওয়ামী লীগের সহযোগী সংগঠনটির সর্বশেষ সম্মেলন হয়েছিল।

শেখ হাসিনা বলেন, মহিলা আওয়ামী লীগের গঠনতন্ত্র সংশোধন করে আরও নতুন পদের সৃষ্টি করা হয়েছে।

ওই সংগঠনের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “যারা রাজনৈতিক কর্মী.. তাদের একটাই লক্ষ্য হবে যে, রাজনীতির মাধ্যমে দেশের উন্নয়ন করতে হবে।”

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সবার কাছে তুলে ধরতে মহিলা আওয়ামী লীগকে আরও সুসংগঠিত প্রচার চালানোর আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী।

“আগামী নির্বাচনে যেনো জয়ী হয়ে আসতে পারি, সেজন্য কাজ করতে হবে।”

মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুননেসা মোশাররফের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা বক্তব্য রাখেন।

সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান।

দলীয় সংগীত ও নৃত্যের পর শোক প্রস্তাব পাঠ করেন সংগঠনের সহ-সভাপতি সাফিয়া খাতুন।

উদ্বোধন অনুষ্ঠানের পর কাউন্সিলে সাফিয়া খাতুনকে সভানেত্রী ও মাহমুদা বেগম ক্রিককে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। পূর্ণাঙ্গ কমিটি পরে জানানো হবে।