২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুলিশের গাড়ি’ থেকে নেমে ঢাবি ছাত্রকে ছিনতাইয়ের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বঙ্গবাজার মোড়ে একটি মেসের বাজার করতে যাওয়ার পথে ‘পুলিশ কর্মকর্তার’ হাতে ছিনতাইয়ের শিকার হওয়ার অভিযোগ করেছেন জগন্নাথ হলের এক ছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2017, 01:58 AM

Updated : 11 Apr 2022, 11:07 PM

‘বাংলাদেশ পুলিশ’ লেখা গাড়ি থেকে নেমে পুলিশের পোশাক পরা একজন ব্যক্তি তার কাছ থেকে ২৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শুভ রায়ের।

শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পাশে বঙ্গবাজার মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

জগন্নাথ হলের ‘তৃপ্তি আমিষ’ মেসের ম্যানেজার শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেসের বাজার করার জন্য আমি ও মেসের কর্মচারী ভ্যানে চড়ে কাপ্তান বাজারে যাচ্ছিলাম। কবি সুফিয়া কামাল হল পেরিয়ে বঙ্গবাজার মোড়ে ঢুকতেই ‘বাংলাদেশ পুলিশ’ লেখা একটি জিপ গাড়ি পেছনে থেকে এসে ভ্যানের সামনে দাঁড়ায়।

“পুলিশের পোশাক পরা একজন আমাকে জিজ্ঞাসা করে, এত রাতে ভ্যানে তুই কোথায় যাস? তোর কাছে কী আছে? এই কথা বলার সাথে সাথে আমার পকেটে হাত দিয়ে বাজারের ২৫ হাজার টাকা এবং মোবাইল ফোনটি নিয়ে নেয়।”

এ সময় নিজের পরিচয় দিয়ে মেসের বাজার করতে যাওয়ার কথা বলেন বলে জানান শুভ।

“এই কথা শোনামাত্র ওই ব্যক্তি গাড়িতে উঠে পুলিশ সদরদপ্তরের দিকে যায়।”

গাড়ির  চালকও পুলিশের পোশাক পরা ছিলেন বলে দাবি তার।

খুব অল্প সময়ের মধ্যে এই ঘটনা ঘটার পর সুফিয়া কামাল হলের পাশে তিনজন পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের কাছে যান বলে জানান শুভ।

“ছিনতাইয়ের ঘটনা বলার পর তারা কোনো পদক্ষেপ নেয়নি। পুলিশ সদস্যরা বলেন, আমরা মনে করেছিলাম আমাদের স্যার আপনাকে জিজ্ঞাসাবাদ করছিলেন। তাই এগিয়ে যাইনি।”

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমি শুনেছি, হলের ছাত্রদের জন্য বাজার করতে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হয় হলের এক ছাত্র।”

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, “ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।”