২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় কাজে ফিরতে ‘শাস্তি বাতিলের শর্ত’ ইন্টার্ন চিকিৎসকদের

এক রোগীর স্বজনকে মারধরে চার সহকর্মীর শাস্তির পর দুই দিনেও কাজে ফেরেননি বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা।

জিয়া শাহীন

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2017, 12:49 AM

Updated : 11 Oct 2022, 01:33 PM

শাস্তিপ্রাপ্ত একজন বলছেন, তাদের শাস্তি প্রত্যাহারসহ সাত দফা দাবি পূরণ না হওয়া  হাসপাতালে আসবেন না শিক্ষানবিশ চিকিৎসকরা।

তবে শাস্তির ভয়ে শুক্রবার এ বিষয়ে কথা বলতে রাজি হননি অন্য শিক্ষানবিশ চিকিৎসকদের কেউ।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঘোষণায় চারজনের শাস্তির ঘোষণা আসার পর ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতাল ছেড়ে যান।

শুক্রবার বিকালে এক জরুরি সভায় তাদের কাজে যোগ দিতে বলা হলেও কোনো জবাব পাওয়া যায়নি বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাসুদ আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিনা নোটিশে তারা কাজে যোগদান থেকে বিরত রয়েছেন। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

“চিকিৎসা সেবা সঠিকভাবে হচ্ছে কি না তা দেখার জন্য দুটি মনিটরিং টিম গঠন করা হয়েছে।”

শনিবার বিকালে এ বিষয়ে জরুরি সভা আহ্বান করা হয়েছে বলে জানান তিনি।

শাস্তিপ্রাপ্ত শিক্ষানবিশ চিকিৎসক মো. কুতুবুদ্দিন শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিকিৎসকদের নিরাপত্তাসহ সাত দফা দাবি মেনে নিতে হবে। পাশাপাশি আমাদের যে শাস্তি দেওয়া হয়েছে তা তুলে নিতে হবে।”

Image
মো. কুতুবুদ্দিন

মো. কুতুবুদ্দিন

এসব দাবিতে শনিবার সকাল ১০টায় মেডিকেল কলেজ চত্বরে মানববন্ধন করা হবে বলে জানান তিনি।

তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- ওই ঘটনায় রোগীর চিকিৎসকদের সঙ্গে  ‘খারাপ ব্যবহারকারী’ রোগীর স্বজনদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ,  হাসপাতালের নিরাপত্তা জোরদার, অতিরিক্ত আনসার নিয়োগ, মেডিকেল ফাঁড়িতে সাব ইন্সপেক্টর নিয়োগ, কোনো ঘটনা ঘটলে হাসপাতাল প্রশাসনের উদ্যোগে মামলা দায়ের ইত্যাদি।

সিরাজগঞ্জ সদর থেকে এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা আলাউদ্দিন সরকার নামে এক রোগীর ছেলে রউফ সরকার গত ১৯ ফেব্রুয়ারি ইন্টার্ন চিকিৎসকদের মারধরের শিকার হন।

এ ঘটনা তদন্তের পর চার শিক্ষানবিশ চিকিৎসকের ইন্টার্নশিপ ছয় মাসের জন্য স্থগিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাজার মেয়াদ শেষে তাদের চারটি ভিন্ন মেডিকেলে ইন্টার্নশিপ শেষ করার নির্দেশ দেওয়া হয়।

সাজাপ্রাপ্তদের মধ্যে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আল মামুনকে খুলনা মেডিকেল, নূরজাহান বিনতে ইসলাম নাজকে দিনাজপুর মেডিকেল, মো. আশিকুজ্জামান আসিফকে ফরিদপুর মেডিকেল এবং কুতুবউদ্দিনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ শেষ করতে হবে।

ভবিষ্যতে এই ধরনের কাজ করলে তাদের পেশাগত সনদ বাতিল করা হবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই ঘোষণার পর ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে গেলে সরকারি নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা হাসপাতালটিতে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন।