২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ মিশনে দুর্নীতির অনুসন্ধান শেষ হয়নি নয় মাসেও

বিদেশে বাংলাদেশের ১১ দূতাবাস ও হাই কমিশনে দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধান শুরুর পর নয় মাস পেরিয়ে গেলেও তদন্ত শেষ করতে পারেনি দুর্নীতি দমন কমিশন।

তাবারুল হক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2017, 12:59 PM

Updated : 19 Aug 2022, 03:54 PM

দায়িত্বপ্রাপ্ত দুদক কর্মকর্তা বলছেন, বিদেশে বাংলাদেশের মিশনগুলো থেকে তথ্য-উপাত্ত নিয়ে দ্রুত অনুসন্ধান শেষ করা সম্ভব নয়।

নির্ধারিত সময়ে তদন্ত শেষ করতে না পেরে বেশ কয়েক দফা সময় বাড়িয়ে নিয়েছেন অনুসন্ধান কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুল আলম।

বিদেশে বাংলাদেশের ১১ মিশনে শ্রমিক হয়রানি, সরকারি বরাদ্দের অর্থ আত্মসাত, ভুয়া ভাউচার দাখিলসহ দুর্নীতির বিভিন্ন অভিযোগ হাতে আসার পর ২০১৬ সালের মে মাসে অনুসন্ধানে নামে দুদক। দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলমকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়।

এরপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, চীন, ইতালি, সু্‌ইজারল্যান্ড, ফিলিপিন্স, সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের দূতাবাস ও হাই কমিশনে নথি চেয়ে চিঠি পাঠান তিনি।

দুর্নীতি দমন কমিশন আইনের ১৯ ধারা অনুযায়ী, অভিযোগ সংশ্লিষ্ট ব‌্যক্তি বা সাক্ষীকে হাজির হতে সমন জারি, জিজ্ঞাসাবাদ বা সাক্ষ্যগ্রহণ, দলিলপত্র পরীক্ষা করতে সাক্ষীর নামে পরোয়ানা জারি এবং অভিযোগ সম্পর্কিত অন্য কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদের ক্ষমতা রয়েছে দুদকের।

কিন্তু ১১ মিশনের অভিযোগ নিয়ে গত নয় মাসে কাউকে তলব বা জিজ্ঞাসাবাদ করেনি কমিশন।

দুর্নীতি দমন কমিশন বিধিমালার ৭ ধারায় বলা হয়েছে, অনুসন্ধান কর্মকর্তা দায়িত্ব পাওয়ার তারিখ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান শেষ করে নির্ধারিত ছক অনুযায়ী তার প্রতিবেদন তার নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে দাখিল করবেন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অনুসন্ধান কর্মকর্তা মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু বিদেশে অবস্থিত অফিসগুলো থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ হওয়ার কথা, সেহেতু এখানে একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। অভিযোগ সংশ্লিষ্টরা ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করায় তাদের সহজে পাওয়া যাচ্ছে না। তবে কিছু কিছু তথ্য আমরা পেয়েছি।”

অনুসন্ধানের অগ্রগতি কতটা জানতে চাইলে তিনি বলেন, “আরও বেশ সময় লাগবে, কর্তৃপক্ষকে (দুদক) অবহিত করে সময় বাড়িয়ে নেওয়া হচ্ছে।”

দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১১ মিশনে দুর্নীতির অনুসন্ধান শেষ হয়নি, ফলে প্রতিবেদনও পাওয়া যায়নি। এ অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করা একটি জটিল প্রক্রিয়া, যার জন্য সময় বেশি লাগছে।”

তিনি বলেন, অনুসন্ধানের বিষয়ে বিধিমালায় যে সময়সীমা বলা আছে তার মধ‌্যে প্রতিবেদন দেওয়া বাধ্যতামূলক নয়। কমিশন মনে করলে অনুসন্ধান কর্মকর্তাকে সময় বাড়িয়ে দেওয়া হয়; এক্ষেত্রেও তাই করা হচ্ছে।