অ্যাশের নির্বাহী পরিচালককে ডেকেছে হাই কোর্ট
তামাক পণ্যের সচিত্র সতর্কবার্তা সংক্রান্ত দুটি রুলের শুনানিকালে একটির আবেদনকারীকে সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে পরবর্তী শুনানির দিনে হাজির হতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ ‘অ্যাকশন অন নন স্মোকিং অ্যান্ড হেলথ বাংলাদেশ (অ্যাশ)’র নির্বাহী পরিচালক মো. মনির উদ্দিনকে আগামী ৫ মার্চ শুনানির দিন হাজির থাকতে বলেছে।
দুই রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক, আব্দুল্লাহ মাহমুদ সরকার ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
গত বছর উবিনীগ, প্রজ্ঞা ও প্রত্যাশা নামে তিনটি সংগঠন রিট আবেদন করলে প্রাথমিক শুনানি নিয়ে ৮ সেপ্টেম্বর রুল জারি করেছিল হাই কোর্ট।
আইনে তামাক পণ্যের সচিত্র সতর্কবার্তা প্যাকেটের উপরিভাগের ৫০ শতাংশে রাখার বিধান থাকলেও সেটা বদলে নিচের অংশে ওই সতর্ক বার্তা ছাপানোর সুযোগ দিয়ে জারি করা গণবিজ্ঞপ্তিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি জেএন দেব চৌধুরীর বেঞ্চ এ রুল জারি করে।
এরপর চলতি বছরের ২৩ জানুয়ারি প্রায় একই বিষয়ে হাই কোর্টে আরেকটি রিট আবেদন করে অ্যাশ, যে সংগঠনটি তামাক কোম্পানির পক্ষে কাজ করছে বলে প্রজ্ঞার অভিযোগ।
ফাইল ছবি
অ্যাশের আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি আবু তাহের ও মো. সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চ আরেকটি রুল দেয়; যাতে ওই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ও স্থগিত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।
বৃহস্পতিবার দুটি রুলের উপর শুনানি হয় বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম তিনটি এনজিও রিট আবেদন করেছিল একটি গণবিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে। পরের রিটটা প্রকারান্তরে একই জিনিস। কিন্তু পরের রিটকারী তার আবেদনে বলেছেন সংশ্লিষ্ট আইনকে লঙ্ঘন করে ওই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
“এখন প্রশ্ন হচ্ছে জারি করা ওই গণবিজ্ঞপ্তি আইনের কোন বিষয়টিকে লঙ্ঘন করে? তাছাড়া ওই রিট আবেদনে যে গণবিজ্ঞপ্তির কথা উল্লেখ করে চ্যালেঞ্জ করা হয়েছে, সরকারের সেরকম কিছু নেই। সবচেয়ে বড় কথা হল, সরকারের কোনো নোটিস বা বিজ্ঞপ্তি ছাড়া পরের রিটটি করা হয়েছে।”
শুনানিতে দ্বিতীয় রিট আবেদনটি আসার পর আদালত ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বক্তব্য জানতে চায়।
“আমি বললাম সরকারের জারি করা কোনো নোটিস বা বিজ্ঞপ্তিতে সংক্ষুব্ধ হয়ে এ রিট করা হয়নি।”
তখন আদালত সরকারের অভ্যন্তরীণ সিদ্ধান্ত কোথা থেকে আবেদনকারী পেল, তা জানতে চায়। এরপর দ্বিতীয় রিট আবেদনকারীকে আগামী ৫ মার্চ স্বশরীরে কাগজপত্র নিয়ে আসতে নির্দেশ দেয় বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
