২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অ্যাশ’কে নিয়ে প্রশ্ন প্রজ্ঞার

তামাকবিরোধী সংগঠন ‘অ্যাকশন অন স্মোকিং এন্ড হেলথ বাংলাদেশ (অ্যাশ)’ নিয়ে প্রশ্ন তুলেছে তামাকবিরোধী আরেকটি সংগঠন প্রজ্ঞা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2017, 11:50 PM

Updated : 19 Aug 2022, 03:48 PM

‌অ‌্যাশ তামাক কোম্পানির যোগসাজশে কাজ করছে বলে প্রজ্ঞা অভিযোগ তুলেছে। তবে অ্যাশ এই অভিযোগ প্রত‌্যাখ‌্যান করেছে।

গত ১৮ ফেব্রুয়ারি অ‌্যাশের এক কর্মসূচি নিয়ে প্রজ্ঞা সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “আপাতদৃষ্টিতে তাদের কার্যক্রম তামাকবিরোধী মনে হলেও, পুরো কার্যক্রমটি তামাক কোম্পানিগুলোর যোগসাজশে হয়েছে, তা নিশ্চিতভাবেই বলা যায়।”

তামাকপণ্যের মোড়কের উপরিভাগে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী দেওয়ার উদ্যোগ বাধাগ্রস্ত করতে তামাক কোম্পানিগুলো অ‌্যাশকে কাজে লাগাচ্ছে বলে প্রজ্ঞার অভিযোগ।

তামাকবিরোধী আইন অনুযায়ি তামাকপণ্যের প্যাকেটের উপরের পঞ্চাশ শতাংশ অংশে স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ বাধ্যতামূলক। কিন্তু জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল অন্তর্বর্তীকালীন সময়ে প্যাকেটের নিচের অংশ মুদ্রণ করার বিষয়ে ২০১৬ সালের ১৬ মার্চ ‘গণবিজ্ঞপ্তি’ দেয়।

এই বিজ্ঞপ্তির বৈধতা চ‌্যালেঞ্জ করে গত ৮ সেপ্টম্বর উবিনীগ, প্রজ্ঞা ও প্রত্যাশা রিট আবেদন করলে হাই কোর্ট রুল দেয়। তাতে এই গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

প্রজ্ঞার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এরপর গণবিজ্ঞপ্তি প্রত্যাহারের উদ্যোগ নেয় সরকার। কিন্তু ‘অ্যাশ বাংলাদেশ’ আরেকটি রিট আবেদন করলে হাই কোর্ট আগের সব কার্যক্রম মূলতবি ঘোষণা করে। ফলে ‘গণবিজ্ঞপ্তি’টি বহাল হয়ে যায়।

Image
এই সতর্কবার্তা মোড়কের কোন অংশে থাকবে, তা নিয়ে দুটি সংগঠনের ভিন্নমত রয়েছে

এই সতর্কবার্তা মোড়কের কোন অংশে থাকবে, তা নিয়ে দুটি সংগঠনের ভিন্নমত রয়েছে

“নিজেদের তামাকবিরোধী সংগঠন হিসেবে প্রমাণ করতে তারা ১৮ ফেব্রুয়ারি মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। এধরনের পরিস্থিতি সম্মিলিতভাবে মোকাবেলার জন্য সকলকে সজাগ থাকতে হবে,” বলেছে প্রজ্ঞা।

এ বিষয়ে অ্যাশ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. মনির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি ভ্রান্ত।

অ‌্যাশ বাংলাদেশ ‘অনেক দিন’ ধরে তামাকবিরোধী আন্দোলনে যুক্ত বলে দাবি করেন মনির।

তামাক পণ‌্যের প‌্যাকেটের নিচের অংশে সতর্কবার্তা রাখার বিষয়ে নিজেদের অবস্থানের পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, “প্যাকেটের উপরে স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ হলে ব্যান্ডরোল দিয়ে ঢেকে যাবে, ছবি ভেঙে যাবে। যতদিন প্যাকেটের ১০০ ভাগ সচিত্র সতর্কবাণী না হচ্ছে ততদিন নিচেই থাক, এই বিষয়টিই আদালতকে জানানো হয়েছে।”

প্রজ্ঞা বলছে, “অ্যাশের এসব কথা তামাক কোম্পানিগুলোর কথা। তামাক কোম্পানিগুলো চাচ্ছে প্যাকেটের নিচের অংশে থাক আর তামাকবিরোধী সংগঠনগুলো চাচ্ছে আইন অনুযায়ী প্যাকেটের উপরে থাক।”