২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপিত

২ মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2017, 04:46 PM

Updated : 19 Aug 2022, 03:54 PM

বৃহস্পতিবার সকালে কলাভবনের বটতলা প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক জাতীয় পতাকা উত্তোলন করেন।

অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করে বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ ও নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীরা। পরে আলোচনা অনুষ্ঠান, দেশাত্ববোধক গান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন।

উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, “১৯৭১ সালের ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্র সমাজের উদ্যোগে এবং তৎকালীন ছাত্র নেতৃবৃন্দের অংশগ্রহণে কলাভবন প্রাঙ্গণে বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়, যা মুক্তিযুদ্ধে প্রেরণার উৎস ছিল।

‘‘ওই সময়ই বঙ্গবন্ধুর ডাকে সারাদেশে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। অসহযোগ আন্দোলন এমন পর্যায়ে গিয়েছিল যে তৎকালীন রাষ্ট্রপতির বাসভবনের কর্মকর্তা ও কর্মচারীরাও সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন।”

নতুন প্রজন্মের কাছে সেই সময়কার অনুভূতি তুলে ধরে উপাচার্য বলেন, “যারা মুক্তিযুদ্ধ করেছেন, এখনও জাতীয় সংগীত পরিবেশনের সময় তাদের চোখে পানি চলে আসে। জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জানানো সবার নৈতিক দায়িত্ব।

“বর্তমান প্রজন্ম যেমন নতুন প্রজন্মের কাছে, তেমনি প্রজন্মের পর প্রজন্ম একাত্তরের চেতনা পৌঁছে দিতে হবে ভবিষ্যতের নাগরিকদের কাছে। নতুন প্রজন্ম এই চেতনা বুকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে উদ্বুদ্ধ হবে।”

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) মো. আখতারুজ্জামান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবীশ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক কলা অনুষদের ডিন আবু মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর।