২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরাফাত সানির এক মামলায় প্রতিবেদন ২৩ মার্চ

ক্রিকেটার আরাফাত সানি ও তার মা নার্গিস আক্তারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য ২৩ মার্চ নতুন তারিখ রেখেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2017, 02:40 PM

Updated : 19 Aug 2022, 03:54 PM

আরাফাত সানির আইনজীবী এম জুয়েল আহমেদ জানান, বৃহস্পতিবার মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত থাকলেও তদন্ত কর্মকর্তা তা না দেওয়ায় ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক নতুন তারিখ নির্ধারণ করেন।

গত ২২ জানুয়ারি রাজধানীর আমিনবাজার থেকে আরাফাত সানিকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন। এ মামলায় তার মা জামিনে আছেন।

আরাফাত সানির স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া এক তরুণী গত ১ ফেব্রুয়ারি এই ক্রিকেটার এবং তার মায়ের বিরুদ্ধে ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন। বিচারক সেদিন মামলাটি আমলে নিয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

সানির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন এবং যৌতুক আইনে আরও দুটি মামলা চলছে। তথ্যপ্রযুক্তি আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে একদিন হেফাজতেও পায় পুলিশ।

নারী নির্যাতন দমন আইনের মামলার আর্জিতে বলা হয়, ২০১৪ সালের ডিসেম্বরে আরাফাত সানির সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। ২০১৫ সালের ২৯ জুলাই সানি তার কাছে ২০ লাখ টাকা যৌতুক চান।

“ওই টাকা না দিলে সানি তার সঙ্গে ঘর সংসার করবেন না বলে জানান তার মা। তারপর সানি ওই তরুনীকে মারধর-গালিগালাজ করে বাসায় ফেলে চলে যায়।”

আর ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনে করা মামলায় ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগ আনা হয়েছে সানির বিরুদ্ধে।

তথ‌্যপ্রযুক্তি আইনের মামলায় ২১ বছর বয়সী ওই তরুণী অভিযোগ করেছেন, আনুষ্ঠানিকভাবে স্ত্রী হিসেবে তাকে তুলে নেওয়ার জন্য চাপ দিলে গত বছর জুন মাসে সানি ফেইসবুকে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলে মেসেঞ্জারে তাদের কিছু অন্তরঙ্গ ছবি পাঠান এবং নানাভাবে হুমকি দিতে শুরু করেন।

তিন মামলার কোনোটিতেই জামিন পাননি এক সময় বাংলাদেশ জতীয় দলে খেলা আরাফাত সানি।