গাবতলীর সংঘর্ষে ৩ মামলা, আসামি ১২০০
আদালতের রায়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের মধ্যে ঢাকার গাবতলী এলাকায় সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে, যাতে আসামি করা হয়েছে আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের নেতাদেরও।
এর মধ্যে দুটি মামলার বাদী দারুস সালাম থানার এসআই মো. জুবায়ের ও এসআই বিশ্বজিৎ পাল। অ্ন্য মামলাটি করেছেন ফেরদৌসী (৩০) নামের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা এক নারী।
দারুসসালাম থানার উপ-পরিদর্শক নওসের আলী জানান, ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১২০০ জনকে আসামি করা হয়েছে এই তিন মামলায়।
পুলিশের করা এক মামলায় সরকারি কাজে বাধা, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলাটি করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে।
অন্যদিকে ফেরদৌসীর করা তৃতীয় মামলায় মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে বলে এসআই নওসের জানান।
পুলিশের করা দুই মামলায় আন্তঃজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম ওরফে তাজু (৪৮), কার্যকরী সভাপতি আবুল হাসেম (৪৫), সংগঠনটির সাধারণ সম্পাদক আহমেদ আলী (৪৫), কোষাধ্যক্ষ জুল জালাল এবং শামসুল আলম (৪২), আহমেদ আলী (৬০), আব্দুস সাত্তার (৪১), নসু (৪৫), আবুল বাশার (৬৭), সালাম মুরশিদ (৪৫), জালাল (৪২), হাজি সুলতানসহ ৪৬ জনের নাম উল্লখ করা হয়েছে।
এ মামলার অধিকাংশ আসামি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় ও গাবতলী ও বালুরমাঠ এলাকার স্থানীয় নেতা-কর্মী বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে কথা বলতে আন্তঃজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
দুই চালকের সাজার রায়ের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সারা দেশে পরিবহন ধর্মঘট শুরুর পর মঙ্গলবার রাতে পরিবহন শ্রমিকরা ঢাকার গাবতলীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
রাতভর দফায় দফায় বিক্ষিপ্ত সংঘর্ষের পর সকালে দুই পক্ষের সংঘর্ষ নতুন মাত্রা পায়। এক পর্যায়ে আমিন বাজার সেতুর দক্ষিণ দিক থেকে মাজার রোডের প্রবেশ মুখ পর্যন্ত পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঢাকার অন্যতম প্রধান এই প্রবেশ পথে যান চলাচল বন্ধ থাকে দীর্ঘ সময়।
এ সময় সংবাদ মাধ্যমে গাড়ি, পুলিশের রেকারসহ বিভিন্ন যানবাহন হামলা ও ভাংচুরের শিকার হয়। সংঘর্ষের মধ্যে আহত এক শ্রমিক পরে হাসপাতালে মারা যান।
শাহিনুর নামে এসআই পরিবহনের চালকের সহকারীর মৃত্যুর বিষয়টি কোনো মামলার এজাহারে উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশকে আক্রমণ করতে গিয়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ নিজেদের রক্ষা করতে গিয়েছিল। সেখানে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশের করা মামলাটিতেই ঘটনাটি আসবে। এই ঘটনার তদন্ত পুলিশের করা মামলায়ই।”
পুলিশের গুলিতেই তার মৃত্যু হয় বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শাহিনুরের লাশ বুঝে নেওয়া দারুস সালাম থানার এসআই মহেশ চন্দ্র সিংহ জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের ছোড়া শর্টগানের গুলির আঘাতে বুকে, পেটে আহত হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
