হরতালের প্রভাব বইমেলায়
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকা আধাবেলা হরতালের প্রভাব পড়েছে বইমেলাতেও।
মাসব্যাপী একুশের বইমেলার শেষ দিন প্রকাশকরা প্রথম ভাগে পাঠকের ঢল নামার প্রতীক্ষায় থাকলেও বেশিরভাগ স্টলই ছিল জনশূন্য।
শেষ দিন বলে মেলার প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছিল বেলা ১১টায়। কিন্তু হরতালে শাহবাগ-টিএসসি এলাকায় পুলিশের সঙ্গে বিভিন্ন ছাত্র সংগঠনের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার গ্যাস আর জল কামানের গণ্ডগোলের মধ্যে দুপুর পর্যন্ত মেলা ছিল খাঁ খাঁ।
আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলার মূল প্রবেশপথই তো শাহবাগ। সেইখানটায় হল রণক্ষেত্র, পাঠক আসবে কি করে?”
বেলা ১১টায় যখন তার সঙ্গে কথা হচ্ছিল তখনও শাহবাগ থেকে টিএসসির দিকে পুলিশের সাঁজোয়া যান ধেঁয়ে আসতে দেখা যায়।
হরতাল সমর্থকদের দিকে ছোড়া টিয়ারশেল, জলকামানের কারণে প্রাণভয়ে দিগ্বিদিক ছুটছেন শাহবাগ মোড় হয়ে আসা পাঠকের একাংশ। যারা আগেভাগেই মেলায় এসেছেন, তারাও বই কেনা শেষে খোঁজ নিয়েছেন সর্বশেষ পরিস্থিতির।
বেলা ১২টায় হরতাল শেষ হয়ে যাওয়ার পরও অনেকের মধ্যে ছিল আতঙ্ক। শিশুদের নিয়ে মেলায় আসা অভিভাবকরা পড়েছিলেন ব্পিাকে।
মাদারটেক থেকে আসা বিপাশা আলম বলেন, “কি যে বিপদে পড়লাম! হরতালে এমন কাণ্ড ঘটবে কে জানত! খুব ভুল করলাম। বাচ্চাদের নিয়ে এখন ভালোয় ভালোয় বাড়ি ফিরতে চাই।”
তবে দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হওযার সঙ্গে সঙ্গে মেলাপ্রাঙ্গণের চিত্রও বদলাতে শুরু করেছে।
রাজধানীর টিকাটুলি থেকে আসা মনোয়ার হোসেন বলেন, “বইমেলার আবেদন কখনও ফুরায় না। প্রযুক্তি যত ই-বুক রিডার আনুক, পিডিএফ ভার্সন আনুক, ছাপার বইয়ের প্রতি অনুরক্ত পাঠক বারবার ছুটে আসবে মেলাতেই।”
নরসিংদীর বেলাব থেকে আসা শিক্ষক শরীফুল আলম বলেন, “স্কুল থেকে ছুটি পাচ্ছিলাম না। মেলায় আসতে না পারলে আক্ষেপ থেকে যেত। সকালে হরতাল, কামান সব উপেক্ষা করে মেলায় এসেছি। বেশকটি দারুণ বই কিনলাম। বাচ্চারা খুব খুশি হবে।”
অনেকেই এসেছে হুমায়ূন আহমেদ, জাফর ইকবাল, বিভূতিভূষণ, শরৎচন্দ্র, নজরুল আর জীবনানন্দ সমগ্র খুঁজতে। কিশোরের দল ছুটল পছন্দের রহস্য রোমাঞ্চ, কবিতা, ইতিহাস, মুক্তিযুদ্ধের প্রবন্ধের খোঁজে।
মধ্যবয়সী পাঠকের চোখ সমগ্রে। তাদের কেউ কিনেছেন কবিতা, কেউ উপন্যাস, কেউ ছোটগল্পের সংকলন। বেশি বয়সীদের চোখ ছিল ধর্ম, দর্শন, রাজনীতির বইয়ের দিকে।
শেষ বেলার বই
মেলার একেবারে শেষদিকে এল সাবেক গভর্নর ড. আতিউর রহমানের দুটি বই। প্রথমটির প্রকাশক অন্যপ্রকাশ, দ্বিতীয়টির পাঠক সমাবেশ।
সাত বছরের গভর্নরজীবন নিয়ে অন্যপ্রকাশের ‘বুনে গেলাম আশার স্বপন: গভর্নরের দিনলিপি’ বইতে আতিউর দিয়েছেন দেশের আর্থিক খাত নিয়ে তার বিভিন্ন পরিকল্পনার বিবরণ।
মাইক্রো ইকোনমিক ট্রান্সফর্মেশনের নানা দিকের পাশাপাশি বইটিতে আছে তরুণ ব্যাংকারদের প্রতি দিক নির্দেশনা। কৃষি খাত, নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নানা পরামর্শও মিলবে এতে।
পাঠক সমাবেশ থেকে প্রকাশিত ‘টেগোরস থটস অন পিজেন্ট্রি’ মূলত আতিউরের ‘রবীন্দ্রনাথ: কৃষি ভাবনা’-বইটিরই ইংরেজি অনুবাদ। অভিনেতা খায়রুল আলম সবুজের অনুবাদে এ বইয়ে বাংলার কৃষি ব্যবস্থার উন্নয়নে রবীন্দ্রনাথের নানা পদক্ষেপের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
শেষ দিন দেশ পাবলিকেশন্স প্রকাশ করেছে কবি ও ছোটগল্পকার মাহি ফ্লোরার গল্পগ্রন্থ 'পিতলের প্রজাপতি'।
এর আগে ফ্লোরার কবিতার বই ‘চন্দ্রহারা মানবীর চুল থেকে জল ঝরে’, ‘সে এক আশ্চর্য জলপ্রপাত’, ‘সবুজ বোতাম’ ‘অন্যান্য’, ‘ম্যাচ বাকসো’ বেরিয়েছিল।
