২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিশুদের পাঠদক্ষতা বাড়াতে উদ্যোগ প্রয়োজন’

বইপাঠের মাধ্যমে শিশুদের মধ্যে মানবিকতা ও দায়বদ্ধতার উন্মেষ ঘটানোর পরামর্শ এসেছে এক অনুষ্ঠানে।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2017, 01:25 AM

Updated : 19 Aug 2022, 03:52 PM

সোমবার ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড-এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এমন পরামর্শ আসে।

আলোচনা অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু হেনা মোস্তফা কামাল, শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সুলতান মাহমুদ বক্তব্য রাখেন।

অধ্যাপক মনজুর আহমদ বলেন, “জীবন মান উন্নয়ন, মানবিক বিকাশ, আত্মসচেতনতা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও দেশ গঠনে শিশুদের বাংলা ভাষায় পাঠদক্ষতা ও পাঠাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। শিশুকাল থেকেই পাঠাভ্যাস তৈরি করতে শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের উদ্যোগ প্রয়োজন।”

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা প্রাথমিক পর্যায়ে এই পাঠাভ্যাস গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক প্রতিষ্ঠানেরও ভূমিকা রাখার উপর জোর দেন।

রুম টু রিড বাংলাদেশের আাবাসিক পরিচালক রাখী সরকার বলেন, মাতৃভাষার মানসম্মত ও কার্যকরী শিক্ষার প্রসারের মাধ্যমে শিশুরা যেন পরিপূর্ণভাবে একজন স্বাধীন পাঠক হয়ে উঠতে পারে এবং সমৃদ্ধ দেশ ও বিশ্বগড়তে সক্রিয় অংশগ্রহণ করতে পারে সেই লক্ষে বাংলাদেশ সরকারের পাশাপাশি রুম টু রিড কাজ করছে।

অনুষ্ঠানে শিশুদের জন্য প্রকাশিত ১২টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইগুলোর মধ্যে রয়েছে- ‘বিলুর সাইকেল’, ‘সাহসী রিমা’, ‘দাদুর জন্য ভালোবাসা’, ‘রিমির লাল বই’, ‘মনের মতো বন্ধু’, ‘পুটু ও গুটু’, ‘হারানো বল’।