হরতাল সফলের আহ্বান বাম দলগুলোর
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে মঙ্গলবার ডাকা আধাবেলা হরতাল সফল করতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা।
গত শনিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পরপরই এই কর্মসূচি ডেকেছিল বাম দলগুলো।
‘গণবিরোধী এই সিদ্ধান্ত বাতিলে সরকারকে বাধ্য করতে’ সোমবার আলাদা বিবৃতিতে হরতাল সফল করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
সিপিবির কেন্দ্রী নেতা রুহিন হোসেন প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্যাসের দাম বাড়া মানে শুধু গ্যাসের মূল্য বৃদ্ধি নয়। গ্যাসের দাম বাড়লে বিদ্যুৎ, পরিবহন সর্বোপরি জীবনযাত্রার ব্যয় বাড়বে।
“জনগণের স্বার্থকে বিবেচনা করেই আমরা এই হরতাল আহ্বান করেছি।জনগণ এতে স্বতস্ফূর্ত সাড়া দেবে বলে আমরা আশা করছি।”
গণতান্ত্রিক বাম মোর্চা ভুক্ত দল গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা সৈকত মল্লিক বলেন, “বর্তমান সময়ে গ্যাসের মূল্য বৃদ্ধির বিষয়টি অযৌক্তিক। এ কারণেই আমরা যুগপৎভাবে হরতাল ঘোষণা করেছি।”
এ্ই হরতালে বাম ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট সমর্থন দিয়েছে।
সরকারের বাইরে থাকা বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দল গ্যাসের দাম বাড়ানোর বিরোধিতা করেছে। তবে হরতালের মতো কর্মসূচি দিয়েছে শুধু বাম দলগুলো।
বিএনপি বলেছে, তারা ‘যথাসময়ে’ কর্মসূচি দেবে।
গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গৃহস্থালিতে ও গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের দাম বাড়িয়ে গণবিজ্ঞপ্তি দেয়।
আবাসিক গ্রাহকদের এক চুলার বিল দুই ধাপে বাড়িয়ে ৯০০ টাকা এবং দুই চুলার বিল ৯৫০ টাকা করা হয়। মিটারভিত্তিক গ্রাহকদের গ্যাসের বিলও ৬০ শতাংশ বাড়ানো হয়। সিএনজির দাম বাড়ানো হয় ১৪ শতাংশের বেশি।
